গণসংহতির বিক্ষোভে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার প্রতিবাদে গণসংহতি আন্দোলনের গণবিক্ষোভ কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের বাধা। ছবি: ফোকাস বাংলা
বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার প্রতিবাদে গণসংহতি আন্দোলনের গণবিক্ষোভ কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের বাধা। ছবি: ফোকাস বাংলা

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ পাঁচটি দাবিতে আজ বুধবার রাজধানী ঢাকায় জ্বালানি মন্ত্রণালয়ের সামনে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়।

বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ করে গণসংহতি আন্দোলন। এতে বক্তব্য দেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে পথে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি হয়। পরে সেখানেই সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে বিদ্যুতের দাম বাড়ানোর পদক্ষেপকে জনগণ এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অনুষ্ঠিত শুনানিতেও দাম বাড়ানোর সিদ্ধান্ত যে অযৌক্তিক তা তুলে ধরেছেন ভোক্তারা। তাঁরা বলেন, সরকার যদি জনমত উপেক্ষা করে একতরফা বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীর সভাপতিত্বে বক্তব্য দেন আবদুস সালাম, আবুল হাসান রুবেল, তাসলিমা আখতার, বাচ্চু ভুইয়া, আবু বকর রিপন, আরিফুল ইসলাম, প্রবীর সাহা প্রমুখ।