গণসচেতনতা সৃষ্টিতে প্রচারণা শুরু করেছে রেলওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি অপরাধমূলক কাজ। পাথর নিক্ষেপকারীর শাস্তি ১০ বছর কারাদণ্ড। সুতরাং, এমন অপরাধমূলক কাজ থেকে বিরত থাকুন, রেলপথকে নিরাপদ রাখুন’।
ট্রেনে ঢিল নিক্ষেপের ঘটনা ঠেকানোর লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টিতে গতকাল রোববার থেকে এমন প্রচারণা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের ঢাকা জোনের কর্মকর্তারা কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে এ প্রচারণা শুরু করেন। নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সরদার সাহাদাত আলী।
সকাল সাড়ে আটটায় আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে ভৈরব স্টেশনে পৌঁছায় রেলওয়ের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল। ওই দলের সদস্যরা স্টেশনের ভিআইপি বিশ্রামাগারে গণমাধ্যমকর্মী ও রেলওয়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরদার সাহাদাত আলী বলেন, যাত্রীদের নিরাপত্তায় স্থানীয় মানুষের সম্পৃক্ততার বিকল্প নেই। পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার নানা উদ্যোগের প্রশংসা করে সাহাদাত আলী বলেন, ‘আমরা সারা দিন গলা ফাটিয়ে যা করতে না পারব, গণমাধ্যম সহজে তা করে দেখাতে পারে।’
মতবিনিময় শেষে রেললাইনের পাশে বসবাসকারীদের সহযোগিতা চেয়ে প্রচারপত্র বিলি করা হয়। এরপর প্রতিনিধিদলের সদস্যরা দুটি ট্রলিযোগে আখাউড়ার উদ্দেশে যাত্রা করেন। পথে তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রাবিরতি করেন। সেখানে তাঁরা রেলওয়ে স্টেশনে উপস্থিত যাত্রীদের মাঝে প্রচারপত্র বিলি করেন এবং মাইকিং করে সচেতনতামূলক বক্তব্য দেন।
রেলওয়ের ওই প্রতিনিধিদলের সদস্যরা আশুগঞ্জ থেকে বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যান। সেখানেও তাঁরা গণমাধ্যমকর্মী ও রেলওয়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং স্টেশনে প্রচারপত্র বিলি করেন।
দুপুর পৌনে ১২টার দিকে আখাউড়ায় পৌঁছায় রেলওয়ে প্রতিনিধিদল। সেখানেও ‘বিবেকবান নাগরিকদের দৃষ্টি আকর্ষণ’ শিরোনামে প্রচারপত্র বিলি করা হয়। এতে বলা হয়েছে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ অপরাধমূলক কাজ। সাধারণত রেললাইনের পাশের উচ্ছৃঙ্খল কিশোরেরা এই খারাপ কাজটি করে থাকে। এটা রোধে রেললাইনের পাশে বসবাসকারী বিবেকবান মানুষ, বিশেষ করে মসজিদের ইমাম, শিক্ষক, ছাত্র, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও বয়োজ্যেষ্ঠদের কিশোরদের প্রতি নজর রাখতে হবে।
জানতে চাইলে ডিআরএম সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, যেসব অঞ্চলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে, সেই সব অঞ্চলেই প্রচারণা চালানো হচ্ছে। যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন স্টেশনে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ মো. তানভীরুল ইসলাম, বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. জাকারিয়া, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাদেকুর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা এ এম সালাউদ্দিন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মাহাবুবুর রহমান, আরএনবির ঢাকা বিভাগীয় কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলাম, বিভাগীয় সহকারী নির্বাহী প্রকৌশলী (আখাউড়া) মো. মনিরুজ্জামান, বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা এ কে এম নুরুন্নবী, বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী অজয় কুমার পোদ্দার ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) কাজী মো. সেলিম।
সম্প্রতি ট্রেনে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা অতিক্রমের সময় দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে নিহত হন প্রকৌশলী প্রীতি দাশ।