চট্টগ্রাম সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদারেরা বকেয়া বিল পরিশোধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন। নগরে অবস্থিত নগর ভবনের সামনে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ কর্মসূচি চলে। এতে প্রায় দেড় শ ঠিকাদার স্বাক্ষর করেন। ঠিকাদারেরা বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে করপোরেশনের কাছে ঠিকাদারদের পাওনা প্রায় দেড় শ কোটি টাকা বকেয়া রয়েছে। ঠিকাদারদের নিয়মিত অর্থ পরিশোধ না করায় তাঁরা দুরবস্থায় আছেন বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের ঠিকাদার সমিতির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল আলম। তবে করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বকেয়ার পরিমাণ এক শ কোটি টাকার নিচে। হরতাল-অবরোধে রাজস্ব সংগ্রহ কম হওয়ায় বিল পরিশোধে সমস্যা হচ্ছে। আগামী ফেব্রুয়ারি থেকে ঠিকাদারদের বিল পরিশোধের আশ্বাস দিয়েছেন মেয়র।