গণস্বাস্থ্য কেন্দ্রে শিক্ষার্থী ও চিকিৎসকদের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাকলুকুর রহমান
মাকলুকুর রহমান

রাজধানীর উপকণ্ঠ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল সোমবার ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকেরা। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় দেড় শ রোগীকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। রেহাই পায়নি চিকিৎসা নিতে আসা বহির্বিভাগের রোগীরাও।

পটুয়াখালী গলাচিপায় গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) চিকিৎসক মাকলুকুর রহমান মুরাদের মৃত্যুকে কেন্দ্র করে এ তাণ্ডব চালানো হয়। এ ছাড়া কেন্দ্রের অন্যান্য প্রতিষ্ঠান, চিকিৎসকদের আবাসিক ভবন ও যানবাহনেও ভাঙচুর চালানো হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম। প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, এতে প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তা ছাড়া কবে নাগাদ হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক-ভাবে চালানো সম্ভব হবে, তা-ও অনিশ্চিত হয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত: গণস্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পল্লি অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা দিতে গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৫৬ জনের একটি দল গত বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপায় প্রতিষ্ঠানের উপস্বাস্থ্য কেন্দ্রে যায়। শুক্রবার রাতে দলটির সদস্য চিকিৎসক মাকলুকুর রহমান নিখোঁজ হন। রোববার বিকেলে ওই উপস্বাস্থ্য কেন্দ্রের পুকুরে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকেরা রোববার রাতেই বিক্ষোভ করেন।

বিক্ষোভ-সড়ক অবরোধ: চিকিৎসক মাকলুকুর রহমানের অকালমৃত্যুতে গতকাল সকাল নয়টার দিকে হাসপাতালের মিলনায়তনে শোকসভার আয়োজন করেন হাসপাতাল ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শোকসভা চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে চার শতাধিক শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসক হাসপাতাল-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা মাকলুকুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি চিকিৎসকদের মাঠপর্যায়ে পাঠানোর প্রথা বাতিলের দাবি জানান। দুই ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে রাখার পর পুলিশ তাঁদের ধাওয়া করলে শিক্ষার্থী ও চিকিৎসকেরা হাসপাতাল এলাকার ভেতরে ঢুকে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন।


হামলা-ভাঙচুর:
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা দেড়টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকেরা পাঁচতলা হাসপাতাল ভবনের ভেতরে ঢুকে নিচতলার ফার্মেসি, ক্যাশ কাউন্টার, জরুরি বিভাগ, অস্ত্রোপচারকক্ষ, ফিজিওথেরাপি বিভাগ, বিশেষজ্ঞ চিকিৎসকদের কক্ষসহ দ্বিতীয় তলার গাইনি বিভাগেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। এসব বিভাগে এমন কোনো জিনিস নেই, যা ভাঙচুর করা হয়নি। রেহাই পায়নি হাসপাতালের যানবাহন পুলে থাকা তিনটি অ্যাম্বুলেন্সসহ ছয়টি গাড়িও। বেলা সাড়ে তিনটার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনসহ (সম্মেলনকেন্দ্র) চিকিসকদের আবাসিক ভবনেও ভাঙচুর চালানো হয়। ওই ভবনের বেশ কয়েকটি বাসায় ঢুকে আসবাব ও কাচ ভাঙচুর করা হয়।


রোগীদের মারধর করে হাসপাতালছাড়া:
প্রসবব্যথা নিয়ে গতকাল সকালে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন আশুলিয়ার খোরশেদ আলমের স্ত্রী মাহফুজা খানম। বেলা ১১টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তানের জন্ম হয়। মাহফুজা ছিলেন অচেতন। খোরশেদ আলম জানান, নবজাতকসহ তাঁর স্ত্রীও রেহাই পাননি। অন্য রোগীদেরও মারধর করে হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হয়।


বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যা বললেন:
কয়েকজন শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসক অভিযোগ করেন, চিকিৎসক মাকলুকুর রহমানের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর তাঁর লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেলেও কর্তৃপক্ষ এর আগে তাঁকে উদ্ধারে কোনো তৎপরতা চালাননি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ কারণেই তাঁরা বিক্ষোভের পথ বেছে নেন।


গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষের বক্তব্য:
গণস্বাস্থ্য কেন্দ্রের গ্রামীণ স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক রেজাউল হক বলেন, চিকিৎসক মাকলুকুর রহমান নিখোঁজ হওয়ার পরপরই বিষয়টি গলাচিপা থানায় অবহিত করা হয়। এর পরও শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকদের এ ধরনের তাণ্ডব ভাবিয়ে তুলেছে।


পুলিশের বক্তব্য: আশুলিয়া
ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, একটি সেবামূলক প্রতিষ্ঠান ও রোগীদের ওপর এ ধরনের হামলার ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তিনি বলেন, ঘটনার পর হাসপাতালের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে গণ্য করে যাচাই-বাছাইয়ের পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

আমাদের গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, চিকিৎসক মাকলুকুর রহমানের মামা বরিশাল সদরের বাসিন্দা ব্যবসায়ী মনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমরা মুরাদের মৃত্যুকে স্বাভাবিক বা কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে করছি না। ওর মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তবে এ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে কাউকে অভিযুক্ত করা হচ্ছে না। আমরা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করব।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, পটুয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে চিকিৎসক মাকলুকুর রহমানের লাশ তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌবাড়িয়ায় পাঠানো হয়েছে।

ওসি বলেন, চিকিৎসক মাকলুকুর রহমানের মৃত্যুর সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


ফরিদপুর অফিস জানিয়েছে, চিকিৎসক মাকলুকুর রহমানের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের সামনে মুজিব সড়কে ফরিদপুর মেডিকেল কলেজ আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।