গণস্বাস্থ্য কেন্দ্রে ‘১২ হাজার টাকায়’ ক্যানসার চিকিত্সা
গণস্বাস্থ্য নগর হাসপাতালে এখন থেকে আইসোটোপবিহীন ইলেকট্রনিক ব্রেকিথেরাপিতে ক্যানসারের চিকিত্সা করা যাবে। এতে মোট খরচ পড়বে ১২ হাজার টাকা। শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ক্যানসার দিবস’ উপলক্ষে শনিবার এক সেমিনারের আয়োজন করে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এতে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেমিনারে আইসোটোপবিহীন ইলেকট্রনিক ব্রেকিথেরাপিতে ক্যানসারের চিকিত্সার নানা দিক তুলে ধরা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত ব্রেকিথেরাপিতে ক্যানসার টিস্যুর ভেতর রেডিওঅ্যাকটিভ সোর্স দিয়ে ক্যানসারের চিকিত্সা করা হয়। এগুলো রেডিওনিউক্লিয়াইড হিসেবে পরিচিত। এই সোর্সগুলো খুব উচ্চ মাত্রার বিকিরণ ঘটায়।
সাম্প্রতিক গবেষণায় প্রকাশ পেয়েছে, উচ্চ মাত্রার বিকিরণের ফলে কম করে হলেও ৫০০টি দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানি হয়েছে।
রেডিওঅ্যাকটিভ সোর্স ব্যবহারের ভিত্তিতে ব্রেকিথেরাপি দুই রকম। একটি প্রচলিত রেডিওনিউক্লিয়াইড যুক্ত। অপরটি রেডিওনিউক্লিয়াইডমুক্ত নিরাপদ ইলেকট্রনিক ব্রেকিথেরাপি। এটি ক্যানসার চিকিত্সায় নিরাপত্তা ও কার্যকারিতায় নতুন দিকের উন্মোচন করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইলেকট্রনিক ব্রেকিথেরাপিতে এক্স-রে রশ্মির মাধ্যমে নিরাপদে চিকিৎসা করা হয়। এ ধরনের ব্রেকিথেরাপিতে ক্যানসারে আক্রান্ত টিস্যুর পাশের স্বাস্থ্যবান টিস্যুকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে শরীরের প্রায় যেকোনো স্থানের ক্যানসার চিকিত্সা করা যায়। রোগীদের সুবিধার কথা ভেবে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই পদ্ধতির ক্যানসার চিকিৎসাব্যবস্থা স্থাপন করা হয়েছে।
সেমিনারে সভাপতির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ক্যানসার হলে একজনের মৃত্যু ঘটে না, পুরো পরিবারের মৃত্যু ঘটে। জায়গাজমি বিক্রি করে দিতে হয়। চিকিৎসা ব্যয়ের তুলনায় সাময়িক নিরাময় হলেও পূর্ণাঙ্গ নিরাময় হয় না। আগে ক্যানসার চিকিৎসার পদ্ধতি অনেকটা জটিল ছিল। কিন্তু বর্তমানে নতুন প্রযুক্তিতে যে মেশিন আবিষ্কৃত হয়েছে, সেটায় ক্যানসার চিকিৎসা সহজ হয়েছে। নতুন এই মেশিনে কোনো সোর্স ব্যবহার করতে হয় না। ডিসপোজালের ঝামেলা নেই। সময় কম লাগে। এটা বাংলাদেশের প্রথম মেশিন।’
জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে কেমোথেরাপির ব্যবস্থা আছে, সার্জিক্যাল অনকোলজির ব্যবস্থা আছে। এখন তো ব্রেকিথেরাপির ব্যবস্থাও আছে এবং আমাদের এখানে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থাও নিয়েছি। ইতিমধ্যেই আমরা রেডিএক্সেলের সবচেয়ে আধুনিক ভার্সনের অর্ডারও দিয়েছি। আশা করি ছয় মাসের মধ্যে ডিডিআর এক্সেলেটরও স্থাপন করব।’
সেমিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যানসার বিভাগের কো-অর্ডিনেটর ডা. সামিম উল মওলা, প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যানসার বিভাগের প্রধান ডা. খোরশেদ আলম।