গণস্বাস্থ্যের চিকিৎসক-শিক্ষার্থীদের আবার অবরোধ, ভাঙচুর
গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) চিকিৎসক মাকলুকুর রহমান মুরাদের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবারও মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও ইন্টার্নি টিকিৎসকেরা।
কর্তৃপক্ষ গতকাল হাসপাতালের মূল ফটকে সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়ায় সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
অবরোধকারী শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকদের দাবি, চিকিৎসক মাকলুকুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁরা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করছেন।
আশুলিয়া থানার পুলিশ জানায়, কয়েক শ শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসক গতকাল সকাল ১০টার দিকে হাসপাতালের মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে এবং নারী শিক্ষার্থীসহ ২১ জনকে আটক করে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকেরা সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক ঘণ্টা খানেক অবরোধ করে রেখে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা ৮-১০টি যান ভাঙচুর করেন।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের সোমবার রাতে ছয়জনের নাম উল্লেখসহ কয়েক শ শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসককে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, সোমবারের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে চিকিৎসকেরা গতকাল কর্মস্থলে আসা থেকে বিরত থাকেন। এ ছাড়া গতকাল হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখা হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পল্লি অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা দিতে মাকলুকুর রহমানসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের ৫৬ সদস্যের একটি দল গত বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপায় প্রতিষ্ঠানটির উপস্বাস্থ্য কেন্দ্রে যায়। রোববার বিকেলে ওই কেন্দ্রের পুকুরে মাকলুকুরের লাশ পাওয়া যায়। মাকলুকুরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌবাড়িয়ায়।
ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে আজিমপুর কবরস্থানে মাকলুকুরের লাশ দাফন করা হয়েছে। ময়নাতদন্তের সঠিক প্রতিবেদন না পাওয়ার আশঙ্কা এবং নিরাপত্তার অভাবে জেলা হাকিমের অনুমতি নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর লাশের ময়নাতদন্ত করানো হয়।
এর আগে সোমবার মাকলুকুরের মামা মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘পটুয়াখালী বা বরিশালে ময়নাতদন্ত করাতে আমরা ভরসা পাচ্ছিলাম না। কারণ, পটুয়াখালীতে পৌঁছে দেখি, গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি ময়নাতদন্তের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। আমরা বুঝতে পারি, তাঁরা চিকিৎসকদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’
মনোয়ার হোসেন বলেন, তাঁরা পটুয়াখালী জেলা হাকিমের (জেলা প্রশাসক) আদালত এবং সিভিল সার্জনের কাছ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করানোর অনুমতি নেন।