গণহত্যা অস্বীকার আইনসহ ১০ দাবিতে স্পিকারকে স্মারকলিপি
মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদদের সংখ্যা বিকৃতি ও অস্বীকার রোধে গণহত্যা অস্বীকার আইন প্রণয়নসহ ১০ দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন।
গতকাল বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী বরাবর এ স্মারকলিপি দেয় গণবিচার আন্দোলন। তার আগে বেলা ৩টা ২০ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা আটকে সমাবেশ করে সংগঠনটি। রাস্তার মাঝখানে ট্রাক রেখে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন সংগঠনটির নেতা-কর্মীরা। এর ফলে প্রেসক্লাব, পল্টন, সচিবালয় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। সমাবেশ শেষে সংগঠনটির আহ্বায়ক ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে একটি মিছিল কদম ফোয়ারা-হাইকোর্ট-মৎস্য ভবন ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত যায়। সেখানে পুলিশ তাদের বাধা দেয়। তখন একটি প্রতিনিধিদল জাতীয় সংসদে গিয়ে স্পিকার বরাবর স্মারকলিপি দেয়।
স্পিকারকে দেওয়া স্মারকলিপিতে মানবতাবিরোধী অপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও সপরিবারে নাগরিকত্ব বাতিল; গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ; জামায়াত ও তাদের সহযোগী সংগঠনসমূহকে নিষিদ্ধ ও বিচার করা; স্বাধীনতাবিরোধী কার্যক্রমে অর্থ জোগানদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা; বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত; ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে পূর্ব বাংলাকে দেওয়া বিদেশিদের সাহায্যের নগদ অর্থ ও ত্রাণ আদায়ের উদ্যোগ এবং পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা, খুন, ধর্ষণ, লুণ্ঠনের ও অগ্নিসংযোগের যথোপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।