গণহত্যা দিবস স্মরণে ছিল না কোনো আয়োজন
বগুড়ার ধুনটে সবার অগোচরেই নীরবে, নিঃশব্দে চলে গেল গণহত্যা দিবসটি। গতকাল শুক্রবার ৪ নভেম্বর ছিল এই দিনটি। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ২৮ জন মুক্তিযোদ্ধাকে ধুনটের মাটিতে এক সঙ্গে হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ৪ নভেম্বর রাতে ধুনট উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ২৮ জন মুক্তিযোদ্ধাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। রাতভর নির্যাতনের পর ভোরের দিকে থানার বাইরে এনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় তাঁদের। গুলি করে হত্যা করা হয় আটক ওই ২৮ মুক্তিযোদ্ধাকে। এরপর ধুনট থানা ভবনের পূর্বদিকে পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে পাশাপাশি দুটি গর্ত করে লাশগুলো মাটিচাপা দেওয়া হয়।
এই গণকবর দুটির মধ্যে একটির প্রাচীরের গায়ে সাতজন শহীদের নাম পাওয়া যায়। তাঁরা ছিলেন ধুনটের বাসিন্দা। অন্য গণকবরটিতে কোনো শহীদের নাম লেখা নেই। ফলে বাকি শহীদদের নাম-পরিচয় আর জানা যায়নি। তবে আমজাদ হোসেন, আবদুল মজিদসহ স্থানীয় কয়েকজন প্রবীণ বলেন, ওই একই সময়ে আরও ২১ মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। হয়তো তাঁদের অন্য এলাকা থেকে ধরে আনা হয়েছিল।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জালাল উদ্দিন বলেন, এ বছর গণহত্যা দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কোনো কর্মসূচি হাতে নেওয়া হয়নি। তবে কেন নেওয়া হয়নি, সে সম্পর্কে তিনি আর কিছু বলেননি।