
একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ ঘুমন্ত বাঙালি জাতিকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনতে সক্ষম হয়। বর্তমান সরকার ভয়াল ২৫ মার্চের রাতকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। এখন দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনের জন্য এর স্বীকৃতি আদায় করতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পাহাড়তলী বধ্যভূমিতে গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। আলোচনা শেষে ২৫ মার্চ রাতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোক প্রজ্বালন করা হয়।
আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন। সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মুক্তিযোদ্ধা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, পাকিস্তানি বাহিনী ভেবেছিল, ঘুমন্ত জাতিকে হত্যা করতে পারলে বাঙালির স্বাধীনতার স্বপ্ন শেষ হয়ে যাবে। কিন্তু তাদের ধারণা ভুল ছিল। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে অকুতোভয় বাঙালি স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন বলেন, চট্টগ্রামের বধ্যভূমিগুলোর যথাযথ সংরক্ষণ দরকার। সারা বছর এই বধ্যভূমিগুলো অবহেলা-অযত্নে পড়ে থাকে। সরকারিভাবে এগুলোকে সংরক্ষণ করতে হবে।
অন্য বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো বাংলাদেশের গণহত্যা দিবসকেও আন্তর্জাতিকভাবে পালনের উদ্যোগ নিতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে যে যার জায়গায় থেকে এই স্বীকৃতি আদায়ের জন্য কাজ করে যেতে হবে। জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করে।
গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে সন্ধ্যায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করা হয়। এ সময় বক্তারা বলেন, একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালরাতের গণহত্যা শুধু এক রাতের হত্যাযজ্ঞ ছিল না, এটি ছিল বিশ্বসভ্যতার ইতিহাসে এক জঘন্যতম গণহত্যার সূচনা। জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি প্রদানের জন্য দাবি জানানো হয় সভা থেকে।
সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সেক্টর কমান্ডারস ফোরামের নেতা মাহমুদ হাসান প্রমুখ।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদ ২৫ মার্চ কালরাত উপলক্ষে সন্ধ্যায় নগরের চেরাগী পাহাড় থেকে আলোর মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উদীচীর সহসভাপতি চন্দন দাশ, সুনীল ধর ও প্রবাল দে, সাধারণ সম্পাদক শীল দাশগুপ্ত, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান প্রমুখ।