একাত্তরের গণহত্যা নিয়ে তরুণদের গবেষণা করতে এবং তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণ গবেষকেরা।
রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেলে ‘২৫ মার্চ গণহত্যা দিবস: নবীন গবেষকদের দৃষ্টিতে’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনার শুরুতেই বক্তব্য দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আইন বিভাগের প্রভাষক ইমরান আজাদ। তিনি বলেন, ’৭১-এ পাকিস্তানি শাসকগোষ্ঠীর মনস্তত্ত্ব ছিল পুরো বাঙালি জাতিসত্তাকে ভূমি থেকে সরিয়ে ফেলা। তিনি বলেন, গণহত্যা নিয়ে আরও গবেষণা করতে হবে এবং তা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রভাষক উম্মে ওয়ারা বলেন, জেনোসাইড কনভেনশন থেকে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি অনেক আধুনিক।
একাত্তরের গণহত্যাকালে পরিকল্পনা, পরিচালনার কৌশল প্রক্রিয়া এবং বিভিন্ন দেশে সংঘটিত গণহত্যা নিয়ে আলোচনা করেন সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের গবেষণা সহযোগী নওরিন রহিম ও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ পিয়াজুর হোসাইন।
পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।