গণহত্যা নিয়ে পাকিস্তানের গণমাধ্যম ফের অপপ্রচারে
একাত্তরের ২৫ মার্চ কালরাত নিয়ে আবারও নির্লজ্জ মিথ্যাচারের পাশাপাশি অপপ্রচারে নেমেছে পাকিস্তান। জাতীয় সংসদে প্রস্তাব পাস হওয়ার পর বাংলাদেশ এবার প্রথমবারের মতো ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করছে। বাঙালি জাতির বিভীষিকাময় দিনটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমন সময় দিবসটি পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানের কোনো কোনো গণমাধ্যম। এমনকি গণহত্যা দিবস পালন ভারতের ষড়যন্ত্র; এমনও বলছে তারা।
পাকিস্তানের দ্য নিউজ ও পাকিস্তান অবজারভার-এ প্রকাশিত দুটি নিবন্ধে এই অভিমত পাওয়া গেছে।
দ্য নিউজ-এ ‘নো রিজন টু অবজার্ভ বাংলাদেশজ জেনোসাইড ডে’ শীর্ষক নিবন্ধে বলা হয়েছে, ২৩ মার্চ পাকিস্তান দিবসের পাল্টা হিসেবে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ‘বাংলাদেশ: আইডিয়া বিহাইন্ড জেনোসাইড ডে’ শিরোনামে নিবন্ধটি প্রকাশ করেছে পাকিস্তান অবজারভার। এতেও বলা হয়েছে, ২৩ মার্চ পাকিস্তান দিবসকে ভূলুণ্ঠিত করতে বাংলাদেশের সংসদে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। আর এই সিদ্ধান্তের পেছনে ভারতীয় ষড়যন্ত্রের আঁচ পাওয়া যাচ্ছে।
জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, একাত্তর নিয়ে পাকিস্তানের প্রশাসন ও জনগণের একটি অংশের পাশাপাশি বাংলাদেশেও পাকিস্তানপন্থীদের মিথ্যাচার নতুন নয়। গত চার দশকের বেশি সময়জুড়ে একাত্তরে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ও গণহত্যা নিয়ে দেশে-বিদেশে সংবাদ প্রকাশের পাশাপাশি গবেষণাধর্মী অনেক বই বের হয়েছে। এসব প্রকাশনা থেকে গণহত্যার বিষয়টি একেবারে স্পষ্ট। কাজেই ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যা অস্বীকার করার কোনো সুযোগ নেই।