গণহত্যাকারীদের হরতালে সমর্থন দিয়েছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রাজনীতি করেন যুদ্ধাপরাধী, গণহত্যাকারী ও তাদের দোসরদের নিয়ে। এ জন্য গণহত্যাকারীদের ডাকা হরতালে তিনি সমর্থন দিয়েছেন। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই এ হরতাল ডাকা হয়েছে।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার যে কী পরিমাণ লুট করেছে এর প্রমাণ গত কয়েক দিনে মানুষ দেখেছে। কয়েক দিন ধরে বাক্সবন্দী করে এই লুটের মাল সরানো হয়েছে। ভাঙা সুটকেস জাদুর বাক্স হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার কাছে সন্তানের চেয়ে সম্পদের দরদ বেশি। আমি এটা বলেছি বলে তিনি গোস্বা হয়েছেন। সম্পদ নিতে লজ্জা নেই, চাইতে লজ্জা নেই। বললে গোস্বা হয়।’২০০১ সালে বিএনপি ক্ষমতা নেওয়ার ২৩ মাস পর কী হয়েছে, তার সঙ্গে আওয়ামী লীগের ২৩ মাসের তুলনা করতে প্রধানমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘মিথ্যাবাদীরা মিথ্যাচার করবে, এতে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। বিএনপি দেশকে, দেশের মানুষকে ভালোবাসে না। এরা শুধু লুটপাট করে। তাদের কাজ হচ্ছে হত্যাকারী ও জঙ্গিদের প্রতিষ্ঠিত করা।’শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের ধৈর্য এবং নিবেদিতপ্রাণ হয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, খালেদা জিয়ার সন্তানদের যাবতীয় খরচ রাষ্ট্র বহন করেছে। কিন্তু তারা রাষ্ট্রকে কী দিয়েছে? আর যার জন্য এই দেশ এল সেই বঙ্গবন্ধুর কন্যারা তো কিছুই নেননি।কৃষিমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বিএনপিকে উদ্দেশ করে বলেন, তারা চোর, বাটপার ও লম্পটদের নিয়ে রাজনীতি করে। যাঁরা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে প্রশ্ন তোলেন, তাঁরা কি জনগণের কল্যাণে এক কাঠা জায়গা দিয়েছেন কোনো দিন? শেখ হাসিনা তো এই বাড়ি জনগণকে দিয়েছেন।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বার্থেই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া কচ্ছপ গতিতে এগোচ্ছে। মানুষ দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার চায়। কারণ হাতে অফুরন্ত সময় নেই।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ওলামা মাশায়েখ পরিষদের ডাকা হরতাল প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বলেন, একজন চিহ্নিত রাজাকার ও ২১ আগস্ট গ্রেনেড হামলার মদদদাতা এই হরতাল ডেকেছেন। বিএনপি এই হরতালের সমর্থন দিয়ে তাদের স্বরূপ উন্মোচন করেছে। যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই বিএনপি এই হরতালকে সমর্থন দিয়েছে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় নেতারা।