রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় কঠিন কিছু নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিসংগ্রাম নাট্যোৎসবের তৃতীয় দিনে গতকাল সোমবার সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সপ্তাহব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করেছে।
রওনক জাহান আরও বলেন, ২৫ মার্চের গণহত্যা আন্তর্জাতিক পরিসরে হারিয়ে গেছে। কিন্তু গবেষণার মাধ্যমে এই গণহত্যার স্বীকৃতি আদায় করা সম্ভব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তা ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিকভাবে এ সম্পর্কে পড়ানো জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাক বা না যাক, তাঁরা কাজ করে যাবেন। সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে তাঁরা স্বীকৃতি আদায়ের চেষ্টা অব্যাহত রাখবেন।
নাট্যোৎসবের তৃতীয় দিনে গতকাল ছয় বিশিষ্ট ব্যক্তি ও একটি নাট্যদলকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অভিনয়শিল্পে অবদান রাখার জন্য ফেরদৌসী মজুমদার, চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখার জন্য এম এ হাসান, রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপক রওনক জাহান, রাজনীতিতে মাহবুব উল আলম হানিফ, তরুণ নেতৃত্বে ভোলা-৩ আসনের সাংসদ নূরন্নবী চৌধুরী শাওন ও মঞ্চ নাটকে রামেন্দু মজুমদারকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে নাট্যদল থিয়েটার (বেইলি রোড) স্মারক সম্মাননা পায়। থিয়েটার ও রামেন্দু মজুমদারের পক্ষে স্মারক গ্রহণ করেন ফেরদৌসী মজুমদার। গতকাল রাত পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে উপাচার্য ফারজানা ইসলাম সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা স্মারক প্রদান শেষে মঞ্চায়িত হয় থিয়েটার (বেইলি রোড) প্রযোজিত এবং সৈয়দ শামসুল হক রচিত নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়।