
আলোচনা সভা, শোক র্যা লি, মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে গতকাল শনিবার সারা দেশে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এসব অনুষ্ঠানে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিষয়টিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির দাবি জানানো হয়। তা ছাড়া এদিন কুড়িগ্রামের নাগেশ্বরীতে বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
পঞ্চগড় শহরে সকালে জেলা পরিষদের সামনে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মির্জা আবুল কালাম, ডেপুটি কমান্ডার ওয়াশসুল কোরায়শী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসমাইল হোসেন বক্তব্য দেন। বক্তারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং সারা বিশ্বে দিবসটি পালনের দাবি জানান।
কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে সকাল ১০টায় জাতীয় সংগীতের তালে তালে ২৫টি স্ট্যান্ডে পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিরা। পরে মাঠের পশ্চিমে বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাফর আলী। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু বকর সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ইউএনও আবু হায়াত মো. রহমতুল্লাহ প্রমুখ। এদিকে, রাজীবপুর উপজেলার শংকরমাধবপুর গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ফাউজুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ রুহুল আমিন।

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা শিশু একাডেমীতে চিত্রাঙ্কন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে জেলা প্রশাসক মো. আবদুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
রংপুর শহরের কাচারি বাজারে বেলা সাড়ে ১১টায় সমাবেশ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। সন্ধ্যায় টাউন হল বধ্যভূমিতে জেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। তারাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডে বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১টায় আলোচনা সভা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. হামিদুল আলম, সমাজসেবী মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী। প্যানেল চেয়ারম্যান আজমল হোসেনসহ রাজনৈতিক নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বাধীনতাসংগ্রাম, গণমানুষের আত্মত্যাগ ও নতুন প্রজন্মের দেশাত্মবোধ নিয়ে আলোচনা করেন। এ ছাড়া সৈয়দপুর তুলশীরাম বালিকা উচ্চবিদ্যালয় থেকে একটি শোক র্যা লি বের করা হয়।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর; কুড়িগ্রাম ও দিনাজপুর অফিস এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারাগঞ্জ (রংপুর) ও সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি}