গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার প্রথমবারের মতো আজ শুক্রবার সকালে ঢাকায় আসছেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিশেষ দূত হিসেবে ইসলামাবাদে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এক দিনের সফরে তিনি ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছাবেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বেলা সাড়ে তিনটায় তাঁর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। খসড়া সফরসূচি অনুযায়ী, হিনা রাব্বানি বেলা ১১টায় দীপু মনির সঙ্গে বৈঠক করবেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ফরেন সার্ভিস একাডেমিতে ২৮তম ব্যাচের পররাষ্ট্র বিভাগের কর্মকর্তাদের বিদায় অনুষ্ঠানের পর সাংবাদিকদের জানান, হিনা রাব্বানির সঙ্গে বৈঠকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হবে। একই সঙ্গে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হবে। এ ছাড়া সম্পদের হিস্যার মতো দুই দেশের অমীমাংসিত বিষয় আলোচনায় আসতে পারে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে ডি-৮ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণপত্র তুলে দেবেন। ১৯ থেকে ২২ নভেম্বর ইসলামাবাদে ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। আট জাতির উন্নয়নশীল জোটের শীর্ষ সম্মেলনে শীর্ষস্থানীয় নেতারা বৈঠক করবেন ২২ নভেম্বর। বর্তমান সরকারের আমলে হিনা রাব্বানির সফর হবে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের উল্লেখযোগ্য সফর।