গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী মিশনের সামনে গত মঙ্গলবার বিক্ষোভ করেছে বাংলাদেশি-আমেরিকানদের একটি দল। একই দিন লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে ঘেরাও করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবিতে এসব কর্মসূচি পালিত হয়।
কনকনে ঠান্ডা সত্ত্বেও মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে একদল বাংলাদেশি-আমেরিকান ম্যানহাটনে পাকিস্তান স্থায়ী মিশনের সামনে জমায়েত ও নীরব বিক্ষোভের আয়োজন করে। পরে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে একটি প্রতিবাদপত্র জমা দিতে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মিশনপ্রধানের সাক্ষাতের অনুরোধ করা হয়।
প্রথমে প্রতিনিধিদলটিকে মিশনে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করা হয়। পরে স্থানীয় পুলিশের একজন সদস্যের মধ্যস্থতায় তিনজনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও মিশনের কোনো কর্মকর্তা তাঁদের সঙ্গে সাক্ষাতের জন্য অতিথিকক্ষে নেমে আসেননি। ফলে প্রতিবাদপত্র জমা দেওয়া যায়নি।
পরে জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশি-আমেরিকানরা। এ সময় অবিলম্বে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানানো হয়। তাঁরা একাত্তরে যে ১৯৫ পাকিস্তানি সেনাকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচারের উদ্যোগ গ্রহণের দাবিও তোলেন।
এদিকে লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করা হয় মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে। এতে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় একাত্তরে গণহত্যার দায় অস্বীকার করে এবং মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের করা ধৃষ্টতাপূর্ণ মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এ জন্য ওই হাইকমিশনের মাধ্যমে পাকিস্তানের রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ঘেরাও কর্মসূচিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে যখন কাউকে ফাঁসি দেওয়া হয়, তখন পাকিস্তান তার প্রতিবাদ করে। এতে প্রমাণ হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা শুধু একাত্তরেই নয়, গত চার দশকের বেশি সময় ধরে তারা স্বাধীন বাংলাদেশে বাস করেও পাকিস্তানের পক্ষে কাজ করেছে।