গণহত্যার দায় অস্বীকার করেছে পাকিস্তান
ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলবের এক সপ্তাহ পর আজ সোমবার ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে পাকিস্তান ১৯৭১ সালে গণহত্যার দায় অস্বীকার করেছে। এ সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় দোষী সাব্যস্তদের বিচার ও সাজা প্রশ্নে পাকিস্তানের বিরোধিতার বিষয়ে ঢাকার অভিযোগকে ভিত্তিহীন ও অমূলক বলে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মৌসুমী রহমান আজ সোমবার প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁকে তলব করা হয়। এ সময় তাঁর হাতে প্রতিবাদপত্র তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সার্ক বিভাগের মহাপরিচালক মোহাম্মদ ফয়সাল।
ওই প্রতিবাদপত্রে গত ২৩ নভেম্বর বাংলাদেশ সরকারের দেওয়া প্রতিবাদপত্রকে ‘ভিত্তিহীন দাবি’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করা হয়। এ ছাড়া গণহত্যা কিংবা মানবতাবিরোধী অপরাধে মদদ দেওয়ার অভিযোগও পাকিস্তান প্রত্যাখ্যান করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটা খুব দুঃখজনক যে বাংলাদেশ সরকার পাকিস্তানের মানহানি করার চেষ্টা করছে। যদিও পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃসুলভ সম্পর্ক প্রতিষ্ঠার প্রত্যাশা করে। পাকিস্তান বিশ্বাস করে, দুই দেশের জনগণ শুধু সম্পর্ক বজায় রাখতেই চায় না বরং দুই দেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে চায়। কিন্তু পরিতাপের বিষয় হলো, বাংলাদেশ সরকার দুই দেশের জনগণের এই ভাবাবেগকে সম্মান জানাচ্ছে বলে মনে হচ্ছে না।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের রায় কার্যকরের পর এ পর্যন্ত অন্তত চারবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ও ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এবং প্রতিবাদপত্র পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। রায় কার্যকরের পর পাকিস্তানের বক্তৃতা-বিবৃতি ও নিন্দা প্রস্তাবের পর বাংলাদেশ এসব পদক্ষেপ নেয়। আজ ইসলামাবাদ প্রথমবারের মতো বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাল্টা তলব করল। ২৩ নভেম্বর ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ওই দিন পাকিস্তানকে দেওয়া প্রতিবাদে বাংলাদেশ বলেছে, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে দণ্ডিত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি নিয়ে ইসলামাবাদের প্রতিক্রিয়া একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকাশ্যে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় দোষী সাব্যস্তদের পক্ষ নিয়ে বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা পাকিস্তান আবার স্বীকার করে নিচ্ছে। পাকিস্তানের এ অবস্থান একদিকে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যাকে অস্বীকার; অন্যদিকে চার দশক আগে ঘটে যাওয়া অপরাধের বিচার নিশ্চিত করে বিচারহীনতার সংস্কৃতি বন্ধে বাংলাদেশের প্রয়াসের অব্যাহত বিরোধিতার বহিঃপ্রকাশ।