গণহত্যার দায় অস্বীকার পাকিস্তানের আরেক পাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের ফাঁসি নিয়ে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের প্রতিবাদ ও আসন্ন পৌর নির্বাচনে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী ঠেকানোসহ বিভিন্ন দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি l প্রথম আলো
যুদ্ধাপরাধীদের ফাঁসি নিয়ে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের প্রতিবাদ ও আসন্ন পৌর নির্বাচনে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী ঠেকানোসহ বিভিন্ন দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি l প্রথম আলো

বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা, নির্বিচার ধ্বংসযজ্ঞ ও অগণিত নারী নির্যাতনের দায় অস্বীকার করা পাকিস্তানের আরেক ঐতিহাসিক পাপ বলে মন্তব্য করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ফোরামের মহাসচিব হারুন হাবীব এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করায় পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন।
গত সোমবার ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে মুক্তিযুদ্ধকালে গণহত্যার দায় অস্বীকার করা হয়। এ নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিও দেয়।
সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিবের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গণহত্যা ও বর্বরতার দায় অস্বীকার করে পাকিস্তান এটিই আবারও প্রমাণ করেছে যে দেশটি ইতিহাস থেকে আজও কোনো শিক্ষা নেয়নি। পাকিস্তান সরকারের এ ধরনের বিবৃতি কেবল ইতিহাসেরই চরম বিকৃতি নয়, একই সঙ্গে নির্লজ্জ মিথ্যাচারের শামিল। বিবৃতিতে আরও বলা হয়, এমন একটি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যনির্বাহী পরিষদের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের এই ঔদ্ধত্যপূর্ণ নির্লজ্জ মিথ্যাচার সত্যকে মেনে না নেওয়ার অপচেষ্টা মাত্র। ’৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে আজও পাকিস্তান সরকার, গোয়েন্দা সংস্থা আইএসআই ও তাদের এদেশীয় দোসররা বাংলাদেশের মুক্তমনা মানুষকে একের পর এক হত্যা করে যাচ্ছে, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চক্রান্ত অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।
নির্মূল কমিটির সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিজয়ের মাস উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত বিজয় শোভাযাত্রা শেষে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক থাকবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র প্রতিনিধি পাকিস্তানে যাবে না।
অপরাজেয় বাংলার সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের নিয়ে এই ‘বিজয় র্যালি’ শুরু হয়। উপাচার্য আরও বলেন, পাকিস্তানের গঠিত হামুদুর রহমান কমিশনেই গণহত্যার দালিলিক তথ্য-প্রমাণ রয়েছে। পাকিস্তানের এই বিবৃতি একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এরপর পাকিস্তানিদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও সমন্বয় পরিষদের সদস্য আবদুস সালাম যৌথ বিবৃতিতে বলেন, পাকিস্তান সরকার নানা কায়দায় ’৭১-এর গণহত্যার দায় অস্বীকার করে আসছে। দোষী ব্যক্তিদের বাঁচাতেও তাদের ষড়যন্ত্র নানা কায়দায় অব্যাহত থেকেছে।
পাকিস্তান ’৭১-এর গণহত্যার দায় অস্বীকার করার প্রতিবাদে আজ বুধবার বিকেল চারটায় জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করবে গণজাগরণ মঞ্চ। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তানের উচিত একাত্তরের ভূমিকার জন্য বাংলাদেশের কাছে ক্ষমাপ্রার্থনা করে সভ্য হওয়ার চেষ্টা করা।
নানা অনুষ্ঠানে বিজয়ের মাস শুরু: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয়ের মাস শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিজয়ের মাসের প্রথম প্রহরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণসহ রাজধানীতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন পরিষদ সকাল ১০টায় শিখা চিরন্তনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উপাচাের্যর নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
বিজয়ের মাস উপলক্ষে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সমাবেশে পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করে পাকিস্তানের ঔদ্ধত্যের প্রতিবাদ জানানো হয়। সমাবেশে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, বাংলাদেশ যে মুহূর্তে চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচার করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করছে, সেই মুহূর্তে পরাজিত পাকিস্তান নতুন করে আস্ফালন শুরু করেছে। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।