গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন এবং গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে দেশটির সেনাবাহিনীর বিচার হওয়া উচিত বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে ভাবা হচ্ছে। গতকাল রোববার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গতকাল উখিয়ার কুতুপালং ও বালুখালীর নিবন্ধিত-অনিবন্ধিত তিনটি রোহিঙ্গা শিবিরে যান। এ সময় রোহিঙ্গাদের মুখে নির্যাতনের বর্ণনা শোনেন তিনি। কাজী রিয়াজুল হক বলেন, রাখাইন রাজ্যে যা ঘটেছে, এটা মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন। মিয়ানমার যেভাবে বর্বরতা চালিয়ে যাচ্ছে, রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, গুলি করে লোকজনকে হত্যা করছে, এটা গণহত্যার শামিল। মিয়ানমার সরকারের বিরুদ্ধে, মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে।