গণহত্যার বিচার প্রশ্নে কোনো সমঝোতার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘বাংলাদেশ গণহত্যা ও বিচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে গতকাল আর্জেন্টিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক কার্লোস রোজানস্কি তাঁর দেশে গণহত্যায় সন্তানহারা প্রতিবাদী মায়েদের প্রতীক, সাদা–স্কার্ফ জাদুঘর কর্তৃপক্ষের হাতে সংরক্ষণের জন্য তুলে দেন l ছবি: প্রথম আলো
মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘বাংলাদেশ গণহত্যা ও বিচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে গতকাল আর্জেন্টিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক কার্লোস রোজানস্কি তাঁর দেশে গণহত্যায় সন্তানহারা প্রতিবাদী মায়েদের প্রতীক, সাদা–স্কার্ফ জাদুঘর কর্তৃপক্ষের হাতে সংরক্ষণের জন্য তুলে দেন l ছবি: প্রথম আলো

বিশিষ্ট আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেছেন, গণহত্যার মতো অপরাধের বিচারের ক্ষেত্রে কোনো সমঝোতা চলে না। এই অপরাধের বিচার না হওয়ার অর্থ হচ্ছে নতুন করে গণহত্যায় উৎসাহিত করা। তাই সব গণহত্যার বিচার ও শাস্তি হওয়া দরকার।
মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘বাংলাদেশে গণহত্যা ও বিচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শনিবার ‘আন্তর্জাতিক অপরাধের বিচারে জাতীয় আদালত: তুলনামূলক আলোচনা’ শিরোনামের অধিবেশনে আইনজীবী আমীর-উল ইসলাম এসব কথা বলেন। আগারগাঁওয়ে জাদুঘরের স্থায়ী ভবনে গত শুক্রবার এই সম্মেলনের উদ্বোধন হয়।
এই অধিবেশনে আলোচনায় আরও অংশ নেন আর্জেন্টিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক কার্লোস রোজানস্কি, কম্বোডিয়ার রাজতান্ত্রিক সরকারের উপদেষ্টা ও গণহত্যা-বিষয়ক গবেষক হেলেন জারভিস, গবেষক পিজুয়ার রহমান।
বক্তৃতায় আমীর-উল ইসলাম যুদ্ধশিশুদের প্রতি রাষ্ট্রের দায়িত্বের কথা তুলে ধরে বলেন, ওই সময়ে দেশের বাইরে দত্তক দেওয়া শিশুদের মায়ের-পরিবারের রেকর্ডগুলো সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব ছিল। কিন্তু রাষ্ট্র সেটা করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, রাষ্ট্র অন্তত সবুজ পাসপোর্ট দিয়ে এই শিশুদের স্বীকৃতি দিতে পারে। এই শিশুদের স্বীকৃতি না দিলে গণহত্যার বিচার অসম্পূর্ণ থেকে যাবে।
অধিবেশনে নির্ধারিত আলোচক বিচারপতি ওবায়দুল হাসানের অনুপস্থিতিতে তাঁর বক্তব্য পড়ে শোনান আইনজীবী সুলতান মাহমুদ। লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭৩ সালের আইনে মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের ক্ষতিপূরণের কথা বলা নেই। কিন্তু সরকার এই দায় এড়াতে পারে না।
গণহত্যার ১১টি অভিযোগ প্রমাণিত
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে করা মামলার ৬৭ শতাংশ ক্ষেত্রেই শাস্তি হয়েছে। তবে গণহত্যার ৩২টি অভিযোগের মধ্যে ১১টি প্রমাণিত হয়েছে, যা মোট অভিযোগের ৩৪ দশমিক ৩৭ শতাংশ।
গতকাল ‘জাস্টিস ফর ইন্টারন্যাশনাল ক্রাইমস: গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল কনটেক্সট’ শীর্ষক অধিবেশনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ এসব কথা বলেন।
তুরিন আফরোজ বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ২৮টি মামলার রায় ঘোষণা হয়েছে। ট্রাইব্যুনালে প্রথম ২০টি মামলায় অভিযোগ আনা হয় ২০০টি। এর মধ্যে ১৩৪টি অভিযোগ প্রমাণিত হয়েছে। আর গণহত্যার ৩২টি অভিযোগের মধ্যে প্রমাণিত হয়েছে মাত্র ১১টি।
গণহত্যার অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষের কয়েকটি দুর্বলতার কথা তুলে ধরেন প্রসিকিউটর তুরিন আফরোজ। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষীদের আদালতে হাজির করার ক্ষেত্রে ব্যর্থতা ছিল, পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ হাজির করার ক্ষেত্রেও দুর্বলতা ছিল।
অনুষ্ঠানে বিভিন্ন দেশে মানবতাবিরোধী ও গণহত্যার বিচার নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করেন গণহত্যাবিষয়ক বিশেষজ্ঞ আর্জেন্টিনার ডেনিয়েল ফেইরসটেন। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক আলেক্সান্ডার হিল্টন, জার্মানির ক্যাথরিনা হোফমান। এই অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক এডাম জনস।
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের নারীদের ওপর পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের চালানো ভয়াবহ যৌন নির্যাতনের কথা বলেন আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম। তিনি বলেন, বহু বীরাঙ্গনা নারীর ওপর ভয়াবহ যৌন নির্যাতন হয়েছে। কিন্তু সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে বহু নারী নির্যাতনের কথা বলতে চান না।
‘রিকগনিশন, রেস্টিটিউশন, রিহ্যাবিলিটেশন অব দ্য ভিকটিমস অব সেক্সুয়াল ভায়োলেন্স: এশিয়ান স্টোরি’ শীর্ষক আলোচনায় অংশ নেন কম্বোডিয়ার চহে ভিশথ ও জাপানের মিনে ওয়াতানাবে। এ অধিবেশনে সভাপতিত্ব করেন সাহিত্যিক ও চিকিৎসক আনোয়ারা সৈয়দ হক।