পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন বাংলাদেশে ফিরেছিলেন, সে দিনই তিনি গণহত্যাকারীদের বিচারের প্রত্যয় ব্যক্ত করেছিলেন। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার প্রতিষ্ঠায় দেশবাসীকে দেওয়া অঙ্গীকার
রক্ষার জন্য তিনি প্রায় এককভাবে লড়াই করেছিলেন গোটা বিশ্বের বিরুদ্ধে।
‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা’ শীর্ষক এক জনবক্তব্যে গতকাল শনিবার এ কথা বলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এই জনবক্তব্যের আয়োজন করে সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিস।
মফিদুল হক বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে বঙ্গবন্ধু ঢাকার সেই স্মরণীয় জনসভায় বলেছিলেন, ‘...যারা অন্যায়ভাবে আমাদের মানুষদের মেরেছে, তাদের অবশ্যই বিচার হবে। ...পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে যে নির্বিচার গণহত্যা করেছে, তার অনুসন্ধান ও ব্যাপকতা নির্ধারণের জন্য আমি জাতিসংঘের কাছে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আবেদন জানাচ্ছি।’
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে গণহত্যাকারীদের বিচার যে কতটা কঠিন ছিল, বক্তব্যের পরের অংশে তা তুলে ধরেন মফিদুল হক। তিনি বলেন, বঙ্গবন্ধুর দেশে ফেরার দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশবলে জারি করা হয় ‘কোলাবরেটরস অ্যাক্ট বা দালাল আইন।’ এর ফলে একদিকে ক্ষতিগ্রস্ত অসংখ্য লোক তাঁদের জীবনের ওপর নৃশংস আঘাতের ন্যায়সংগত সুরাহা আশা করতে পারলেন। অন্যদিকে দ্রুত এই আইন জারির ফলে প্রতিশোধমূলক কর্মকাণ্ডের অতলে ডুবে যাওয়া থেকে দেশ ও সমাজ রক্ষা পায়।
মফিদুল হক বলেন, তবে ফৌজদারি আইনের সীমাবদ্ধতা ও বিচার বিভাগের দুর্বলতার জন্য দালাল আইন পুরোপুরি কার্যকারিতা পায়নি। এ জন্য ১৯৭৩ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধু লঘু অপরাধীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে গুরুতর অপরাধীদের বিচারের হাত থেকে রেহাই বা ক্ষমা পাওয়ার সুযোগ ছিল না।
আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বীকৃতি অর্জনের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বঙ্গবন্ধুকে কীভাবে বিশ্বরাজনীতিকে মোকাবিলা করতে হয়েছে, তা তুলে ধরেন মুক্তিযুদ্ধ জাদুঘরের এই ট্রাস্টি। ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বাংলাদেশ ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে ফেরত দেয়। যদিও পাকিস্তান সরকার নিজ দেশে তাদের বিচারের অঙ্গীকার করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর জন্য এটা অশেষ মনোবেদনার কারণ হয় যে তিনি বাংলাদেশের মাটিতে পাকিস্তানের যুদ্ধাপরাধীদের বিচার করতে পারলেন না।
বক্তব্যের শেষ দিকে মফিদুল হক বলেন, নিজ দেশে পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারে বঙ্গবন্ধুর চেষ্টা হয়তো সফল হয়নি, তবে তাঁর অবদানের জন্য ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন প্রণয়ন করা হয়েছিল। চার দশক পরে হলেও তাঁর এ অবদানের জন্যই বাংলাদেশ গণহত্যাকারীদের বিচার করে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে পারছে।
জনবক্তব্যে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও স্থপতি রবিউল হুসাইন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হলেন কয়লাখনির মধ্যে হীরকখণ্ডের মতো। তিনি এমনই এক মানুষ, যাঁকে সম্মান করে আমাদের নাম হয়। আবার তাঁকে অসম্মান করেও অনেকে নাম করেছে। এটাই একজন বড় মানুষের লক্ষণ।’