সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর সমাবেশ
গণহত্যার বিচারের শাস্তি কারাদণ্ড নয়, চাই ফাঁসি
একাত্তরের রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন তাঁরা, জীবন বাজি রেখে। তারপর পেরিয়ে গেছে চার দশকের বেশি সময়। যাদের বিরুদ্ধে হয়েছিল লড়াই, স্বাধীনতার সেই শত্রুদের বিচারের দাবিতে আবারও সোচ্চার তাঁরা। ৫ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ অপরাধী কাদের মোল্লার বিচারের রায় দেশের মানুষের মতো তাঁদেরও করেছে ক্ষুব্ধ, ব্যথিত। তাঁরা বললেন, ‘গণহত্যার বিচারের শাস্তি কখনোই কারাদণ্ড হতে পারে না। চাই ফাঁসি।’কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বৃহস্পতিবার বিকেলে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ একাত্তরের সমাবেশে এ দাবি করলেন মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক, সেক্টর কমান্ডারসহ মুক্তিযোদ্ধারা। তাঁদের সঙ্গে একাত্মতা জানালেন রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বক্তারা শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনরত নতুন প্রজন্মের সমাবেশকে ‘নতুন মুক্তিযুদ্ধ’ হিসেবে অ্যাখ্যায়িত করেন। সমাবেশে সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার বললেন, ‘যাদের হাতে মানুষের মৃত্যু হয়েছে, তাদের শাস্তি মৃত্যুই হতে হবে। যুদ্ধাপরাধীদের চরম শাস্তি দিয়ে কলঙ্কমুক্ত হতে চাই।’ তিনি কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার জন্য সরকারের কাছ আহ্বান জানান। সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ বলেন, ‘একাত্তরে পাক বাহিনীর সঙ্গে হাতাহাতি লড়াই হয়েছিল। আমাকে গুলি করলেও তাতে আহত হইনি। কিন্তু কাদের মোল্লার রায়ে আমি আহত হয়েছি।’গতকালের সমাবেশে সংহতি জানাতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘হাজারো শহীদ পরিবারের মতো আমরাও কাদের মোল্লার রায় প্রত্যাখ্যান করছি। সরকারের কাছে আবেদন করছি আপিল করার জন্য।’ তিনি বলেন, রায়ের বিষয়ে সরকারের সঙ্গে আপসরফা হয়েছে—টক শোতে যাঁরা এসব কথা বলেন, তাঁরা যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেছিলেন। এখন কোন লজ্জায় এসব কথা বলেন?সমাবেশে সংহতি জানাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা সামাজিক, নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি জামায়াতের তৈরি করা অর্থনৈতিক সাম্রাজ্য ধ্বংস করে দেওয়ার দাবি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ উপদেষ্টা মনজুরুল আহসান খান।মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ফোরামের ভাইস প্রেসিডেন্ট সারোয়ার আলী, সাংবাদিক হারুন হাবীব, বিটিভির মহাপরিচালক ম. হামিদ, ফোরামের প্রচার সম্পাদক কেয়া চৌধুরী প্রমুখ।সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগে প্রতিবাদ কর্মসূচিতে গিয়ে সংহতি প্রকাশ করে।