গণহত্যার বিচারের সঙ্গে মীমাংসার ব্যবস্থা থাকতে হবে
যুক্তরাষ্ট্রের কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সু গ্রোনওল্ড বলেছেন, গণহত্যা বা গোষ্ঠীগতভাবে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির দুঃখ প্রশমন করে বিরোধ মীমাংসার (রিকনসিলিয়েশন) ব্যবস্থা থাকতে হবে। গণহত্যার দুঃসহ স্মৃতি (ট্রমা) থেকে বেরিয়ে আসার জন্য এর কোনো বিকল্প নেই।
গণহত্যাজনিত অপরাধের বিচারবিষয়ক বক্তৃতায় সু গ্রোনওল্ড গতকাল সোমবার এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের আমন্ত্রণে ঢাকায় আসা সু গ্রোনওল্ড মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ বক্তৃতা দেন।
সু গ্রোনওল্ড বলেন, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে কম্বোডিয়ার গণহত্যা সম্পর্কে অনেক মানুষ জানে। কম্বোডিয়ান গণহত্যা নিয়ে অনেক আলোচনা ও গবেষণা হয়েছে। সে তুলনায় একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গণহত্যার ঘটনা নিয়ে খুব বেশি আলোচনা হয় না বা এ নিয়ে বড় পরিসরে গবেষণা হয়নি। এ দেশের গণহত্যা নিয়ে গবেষণার অনেক সুযোগ রয়েছে।
এক প্রশ্নের জবাবে কিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই অধ্যাপক বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, তার বিচার পাওয়া এ দেশের মানুষের নৈতিক অধিকার।
এশিয়া অঞ্চলের ইতিহাস বিশেষজ্ঞ সু গ্রোনওল্ড আরও বলেন, গণহত্যায় বা ব্যাপক ধ্বংসযজ্ঞে নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে ঐতিহাসিকভাবে বিতর্ক থাকে। বেশির ভাগ ক্ষেত্রে এই সংখ্যা রাজনৈতিকভাবে নির্ধারিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় আণবিক বোমা হামলায় নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে বিতর্কের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ঘটনার সাক্ষী ব্যক্তিদের সম্মিলিত স্মৃতির মাধ্যমে যে ইতিহাস উঠে আসে, তাতে রাজনৈতিক উদ্দেশ্য অনেক কম থাকে।
গ্রোনওল্ডের বক্তৃতার শুরুতে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।