গণহত্যার বিষাদময় প্রহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জীবনের গভীর বেদনার স্মৃতিবিজড়িত ২৫ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনের শেষে যে রাত নেমে এসেছিল, ইতিহাসে তা এক বর্বর গণহত্যার সাক্ষী হয়ে আছে। এই রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামের এক অভিযানে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ঘুমন্ত বাঙালির ওপর। উদ্দেশ্য বাঙালির মুক্তির সংগ্রামকে স্তব্ধ করে দেওয়া।
রাতটি ছিল কৃষ্ণপক্ষের ঘন অন্ধকার। ঢাকা সেনানিবাস থেকে গোপনে শ্বাপদের মতো বেরিয়ে আসে ট্যাংক আর সাঁজোয়া গাড়ির সারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল আর ইকবাল হলে (বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল) সেনারা মেতে ওঠে নির্বিচার গণহত্যায়। গোলা ফেলা হয় ঢাকা মেডিকেল কলেজ ছাত্রাবাসে। পথের পাশের বস্তিবাসীরাও রক্ষা পায়নি গণহত্যা থেকে। যত্রতত্র ধরিয়ে দেওয়া হয় আগুন। হামলা চালানো হয় পুরান ঢাকার হিন্দু-অধ্যুষিত এলাকাতেও। একই সময়ে পাকিস্তানি সেনারা হামলা চালায় রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানায় ইস্ট পাকিস্তান রাইফেলসের সদর দপ্তরে। বাঙালি পুলিশ ও ইপিআর (পরে বিডিআর, বর্তমানে বিজিবি) সদস্যরা বীরত্বের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তবে ট্যাংক ও ভারী অস্ত্রের মুখে তাঁদের পিছু হটতে হয়।
এক রাতে এত বিপুল গণহত্যার নজির ইতিহাসে বিরল। এই গণহত্যার সূত্র ধরে পরদিন থেকে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে সর্বাত্মক মুক্তিযুদ্ধে।
২৫ মার্চ মধ্যরাতের পরপরই পাকিস্তানি সেনা কমান্ডোদের হাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রেপ্তার হওয়ার আগে আগে দেশকে মুক্ত করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বার্তা পাঠান তিনি। হানাদারদের বিরুদ্ধে দেশজোড়া প্রতিরোধ শুরু হয়ে যায়, যা দ্রুত রূপ নেয় জনযুদ্ধে। নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ে বিজয় অর্জনের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।
কর্মসূচি: বরাবরের মতোই বিভিন্ন সংগঠন কালরাত উপলক্ষে তাদের নিজ নিজ কর্মসূচির আয়োজন করেছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে রাত আটটায় কালরাতের ৪৫তম বার্ষিকী উপলক্ষে ৪৫টি মশাল প্রজ্বালন করবে। নির্মূল কমিটি ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল আজ শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এতে রয়েছে সকাল ১০টায় হল প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ছয়টায় শহীদদের স্মরণে স্থাপনাশিল্প প্রদর্শনী, সন্ধ্যা সাতটায় নাটক কালরাত্রি, রাত আটটায় দেশাত্মবোধক গান ও আবৃত্তি, ১১টায় মশাল প্রজ্বালন এবং ১১টা ৫৯ মিনিটে গণসমাধিতে মোমবাতি প্রজ্বালন ও শ্রদ্ধা নিবেদন। প্রধান অতিথি থাকবেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১ রাত ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন-সংলগ্ন বেদিতে মোমবাতি প্রজ্বালন করবে। পরে থাকবে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি। এক ঘণ্টার অনুষ্ঠান শেষে নতুন প্রজন্মের হাতে মশাল ও জাতীয় পতাকা হস্তান্তর করবেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা।

আরও পড়ুন: গণহত্যার ছবি