ইতিহাসের বড় শিক্ষা হলো অপরাধীদের বিচারের আওতায় আনা না হলে গণহত্যার মতো অপরাধও ঘটতেই থাকবে। ১৯৭১ সালে এ দেশে পাকিস্তানিরা যে গণহত্যা চালিয়েছিল, সেটিসহ সব গণহত্যার স্বীকৃতি দিতে হবে। অপরাধীদের বিচার করতে হবে।
এ রকম দাবি আর আশা নিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত তিন দিনের ভার্চ্যুয়াল আন্তর্জাতিক সম্মেলন। ‘একবিংশ শতাব্দীতে গণহত্যা ও গণসহিংসতা বিষয়ে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন: ইতিহাস থেকে শিক্ষা’ শিরোনামের সম্মেলনটি শুরু হয়েছিল গত রোববার। সমাপনী দিনে গতকাল আলোচনা হয় ‘গণহত্যার রাজনীতি, বিচার এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া’ বিষয়ে। দুটি অধিবেশনে বিষয়ভিত্তিক ছয়টি লিখিত প্রবন্ধ উপস্থাপন করা হয়।
প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এ অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন দুজন। তাঁদের একজন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর–উল ইসলাম তাঁর প্রবন্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ গঠন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এর তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ইতিহাস থেকে বড় শিক্ষা পাওয়া যায়, অপরাধীদের বিচারের আওতায় আনা না হলে অপরাধ ঘটতেই থাকবে। এ কারণে ৬০ বছর আগে আন্তর্জাতিক সনদ গৃহীত হলেও বিশ্বে ৫০টির মতো গণহত্যার ঘটনা ঘটেছে।
আমীর–উল ইসলাম তাঁর প্রবন্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ গড়ে ওঠার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে ন্যুরেমবার্গ বিচারের উদাহরণ টানেন। তিনি বলেন, ১৯৪৫ সালে ন্যুরেমবার্গ সনদ ছিল মানবতার বিরুদ্ধে প্রথমবার সংহতি প্রকাশ। আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে ক্ষমতা দেওয়া হয় মানবতার বিরুদ্ধে অপরাধ করা ব্যক্তিদের শাস্তি দিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে আসার পর আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে এ দেশে পাঠানোর দাবি জানান। দুর্ভাগ্যজনক যে বিশ্বসম্প্রদায় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। দেশে সুনির্দিষ্ট সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে ১৯৫ জন যুদ্ধবন্দীর বিচারের ব্যবস্থা নেওয়া হয়। পাকিস্তানের পক্ষে পশ্চিমা ও ইসলামি জোটের চাপ এবং পাকিস্তানের তৎকালীন শাসক জুলফিকার আলী ভুট্টো বিচারের প্রতিশ্রুতি দিয়ে ওই যুদ্ধবন্দীদের পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যান। বিচারের জন্য পাকিস্তান হামুদুর রহমান কমিশন গঠন করলেও প্রতিশ্রুতি রক্ষা করেনি।
আমীর–উল ইসলাম বলেন, ১৯৭৩ সালে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন পাস করে। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায় এবং অপরাধের দায়মুক্তির পরিবেশ সৃষ্টি হয়। আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার অনুসারে ১৯৭৩ সালের আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) কার্যপ্রণালি বিধি ২০১০ গঠন করে। ট্রাইব্যুনালে আন্তর্জাতিক ও মানবাধিকারের মান বজায় রেখে যুদ্ধাপরাধীদের বিচার হয়।
ইন্ডিয়ান একাডেমি অব ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ডিপ্লোমেসির শিক্ষার্থী কুলদীপ ভট্টাচার্য তাঁর প্রবন্ধে দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় সংঘটিত গণহত্যার তথ্য তুলে ধরেন। তিনি বলেন, কোনো একটি সম্প্রদায় বা জাতিসত্তার ওপর সংঘটিত হত্যাকাণ্ডই গণহত্যা। এই গণহত্যার পেছনে সাম্প্রদায়িক রাজনৈতিক উদ্দেশ্য থাকে। প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি ও স্বৈরতন্ত্রের নীরব মদদ থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন জাতিসত্তার মানুষ বসবাস করায় জাতিগত সংঘাতের ঘটনা ঘটতে দেখা যায়। ধর্ম ও জাতিগত পরিচয়ের ওপর ভিত্তি করে চলে সংখ্যালঘু নির্যাতন।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মিয়ানমারের রাখাইন রাজ্যে কর্মরত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির কর্মকর্তা রব স্টোয়েলম্যান। এ অধিবেশনে সহিংস চরমপন্থা ও মৌলবাদ প্রতিরোধ বিষয়ে ছয়জনের চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। দুটি প্রবন্ধ ছিল যৌথ উদ্যোগে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. আবদুল্লাহ–আল হেলাল কিশোর গ্যাং নিয়ে তথ্য তুলে ধরে বলেন, ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে রয়েছে কিশোর গ্যাং। গবেষণায় দেখা গেছে, শুধু ঢাকায় ৫০–৬০টি কিশোর গ্যাংয়ে ১৫ থেকে ২২ বছর বয়সী ৮–১০ হাজার কিশোর–তরুণ যুক্ত। এ রকম প্রায় ৩০০ তরুণ গত ১৬ বছরে ১০০টির মতো হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের মেঘালয়ের ডন বসকো কলেজের সহযোগী অধ্যাপক উমা রায় ভৌমিক, যৌথ প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের বাংলাদেশ পিস অবজারভেটরির রিসার্চ ডেটা অ্যানালিস্ট এফ এম আরাফাত ও জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক ফারহানা রাজ্জাক এবং রিসার্চ ডেটা অ্যানালিস্ট আশিক মাহমুদ ও হাজেরা খানম।
সমাপনী বক্তব্যে সম্মেলন আয়োজক কমিটির সদস্য সাংবাদিক ও লেখক অজয় দাশগুপ্ত মৌলবাদ প্রতিরোধে শিক্ষিত তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন সম্মেলনে বিষয় নির্বাচনে তরুণদের ভাবনার নতুনত্বের কথা উল্লেখ করে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেন।
সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক এবং কমিটির আহ্বায়ক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, মৌলবাদের বিরুদ্ধে রাষ্ট্র সহ্যশক্তি দেখালে সংকট দেখা দেয়। দেশে দেশে ধর্ম নিয়ে মানুষের জ্ঞানের গুরুতর নিম্নগামিতা ঘটছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে হরহামেশা বন্দুকের গুলিতে শিশুদের মৃত্যু হচ্ছে। নিউইয়র্ক, শিকাগোর তুলনায় ঢাকায় এ ধরনের অপরাধের মাত্রা কম হলেও বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি নেই।