
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতা-বিরোধী অপরাধের নয়টি অভিযোগ পেয়েছে তদন্ত সংস্থা। আজ রোববার এ-বিষয়ক তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেওয়া হবে।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গতকাল শনিবার তাদের ধানমন্ডির সেফ হোমের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায়। প্রায় দেড় বছর ধরে এ তদন্ত করা হয়।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান সাংবাদিকদের বলেন, সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধে ষড়যন্ত্রের নয়টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের পক্ষে তদন্ত কর্মকর্তাসহ ৪৩ জন সাক্ষী রয়েছেন।২০১২ সালের ২০ সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটকাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই সময় থেকে তিনি কারাগারে আছেন।তদন্ত সংস্থা জানায়, মুক্তিযুদ্ধকালে পাবনা শান্তি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন সুবহান। পরে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠিত হলে সুবহানকে সহসভাপতি করা হয়। ১৯৩৬ সালে পাবনার সুজানগর থানার তৈলকুন্ডি গ্রামে জন্মগ্রহণকারী সুবহান ছিলেন পাবনা জেলা জামায়াতের প্রতিষ্ঠাতা আমির।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক, তদন্ত কর্মকর্তা মো. মতিউর রহমান ও মো. নুর হোসেন।
নয় অভিযোগ: তদন্ত সংস্থা জানায়, একাত্তরের ১২ মে সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনাদের একটি বহর সুজানগর থানার সাতবাড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে জ্ঞাত-অজ্ঞাত ৩০০-৪০০ জনকে হত্যা করে। তারা ঘরবাড়ি লুট করে আগুন ধরিয়ে দেয়।
তদন্ত সংস্থা জানায়, এ ছাড়া একাত্তরের ২০ মে সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনারা পাবনা সদর থানার ভাড়ারা গ্রাম থেকে ১৮ জনকে অপহরণ করে। তাঁদের মধ্যে একজনকে গ্রামের একটি স্কুলে হত্যা করা হয়। বাকি ১৭ জনকে পাবনা সদর নূরপুর বিদ্যুৎকেন্দ্রে নিয়ে আটক করে নির্যাতন করা হয়। ওই ১৭ জনের কয়েকজনকে আটঘরিয়া থানার দেবোত্তর বাজারের পাশে বাঁশবাগানে গুলি করে হত্যা করা হয়। বাকিদের কোনো খোঁজ আর পাওয়া যায়নি।
সুবহানের বিরুদ্ধে অন্য অভিযোগের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধকালে মসজিদে আশ্রয় নেওয়া স্বাধীনতাকামীদের জামায়াতের নেতা-কর্মী ও বিহারিদের নিয়ে গিয়ে অপহরণ করে হত্যা করা। একাত্তরের ১৩ এপ্রিল ঈশ্বরদীর যুক্তিতলা গ্রামে পাঁচজনকে হত্যা। ১৬ মে ঈশ্বরদীর অরনখোলা গরুর হাট থেকে দুজনকে অপহরণের পর জেলা পরিষদ ডাকবাংলোতে নিয়ে নির্যাতন। ২ মে ঈশ্বরদীর সাহাপুর গ্রামে লুণ্ঠনের পর অগ্নিসংযোগ ও বেশ কয়েকজনকে হত্যা। ১১ মে পাবনা সদর থানার কুলনিয়া ও দোগাছি গ্রামে সাতজনকে হত্যা ও বাড়িঘর লুণ্ঠনের পর অগ্নিসংযোগ। সেপ্টেম্বরে আতাইকুলা থানার দুবলিয়া বাজার থেকে দুজনকে অপহরণের পর হত্যা। ৩০ অক্টোবর ঈশ্বরদীর বেতবাড়িয়া গ্রামে চারজনকে অপহরণের পর হত্যা ও লুণ্ঠন করা হয়।