আইনজ্ঞ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘গণহত্যা ও আন্তর্জাতিক অপরাধের শিকার হওয়ায় জড়িত অপরাধীদের বিচার করে শাস্তি দেওয়ার পদক্ষেপ নেওয়া আমাদের জন্য অত্যাবশ্যক হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত প্রায় ৩৭ বছর পর ২০১০ সালে এই বিচারের প্রক্রিয়া শুরু হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত গণহত্যাবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে ড. কামাল হোসেন এ কথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ নবাব আলী চৌধুরী সিনেট ভবনের বিশেষ সম্মেলনকক্ষে ‘গণহত্যা ও গণসহিংসতা: তত্ত্ব, যন্ত্রণা, বিচার ও সাক্ষ্য’ শীর্ষক তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা এতটাই ভয়ংকর ছিল যে সেই আঘাত এখনো জাতিকে বহন করতে হচ্ছে। তারপরও গণহত্যাকারীদের শাস্তির মুখোমুখি করতে জাতিসংঘ কিছুই করেনি।
ড. কামাল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আইনজীবীদের সঙ্গে আলোচনা করে যে আইন প্রণীত হয়েছিল, তা নিয়ে ১৯৭৪ সালের ২৬ থেকে ২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক আইন সম্মেলনে আলোচনা হয়েছিল। এরপরই বিচারের প্রক্রিয়া শুরু হবে, এমনটা প্রত্যাশিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে ১৯৭৫ সালের বিয়োগান্ত ঘটনায় আমাদের রাজনৈতিক নেতৃত্বের হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিচারের প্রক্রিয়া শুরু হতে বাধার সৃষ্টি হয় এবং বিচার বিলম্বিত হয়।’
উদ্বোধনী অধিবেশনে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলওয়ার হোসেন।
সম্মেলনে গণহত্যার বিচার ও গণসহিংসতা-বিষয়ক আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গণহত্যার অভিযোগ তুলনামূলক কম প্রমাণিত হয়েছে। ‘গণহত্যার অভিযোগ: বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধারা’ শীর্ষক এই প্রবন্ধে তুরিন আফরোজ বলেন, এই মামলাগুলোতে গণহত্যার অভিযোগ যেমন কম, তেমনি কম এসব অভিযোগ প্রমাণের প্রবণতা। মানবতাবিরোধী অপরাধের ২০টি মামলার ২০০টি অভিযোগের মধ্যে মাত্র ৩২টি গণহত্যার অভিযোগ। এর মধ্যে ১১টি অভিযোগে অভিযুক্তদের মৃত্যুদণ্ড ও আজীবন কারাদণ্ডের রায় হয়েছে।
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের চেয়ারম্যান শামসুল বারীর সঞ্চালনায় যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নরত গবেষক মানজিদা আহমেদ ও শ্রীলঙ্কার সাউথ এশিয়ান সেন্টার ফর লিগ্যাল স্টাডিজের পরিচালক নিরান এনক্যাতেল দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।