গণহত্যা-নির্যাতন বিষয়ে আলোকচিত্র প্রদর্শনী
খুলনায় গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর প্রতিষ্ঠা উপলক্ষে নগরের বিএমএ মিলনায়তনে একাত্তরের গণহত্যা ও নির্যাতন-সম্পর্কিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শেষ হয়েছে গত সোমবার । ১৭ মে গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর উদ্বোধন করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর কেন্দ্রীয় সভাপতি ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।
নগরের ৩৩৪ নম্বর শেরেবাংলা রোডের ময়লাপোতা মোড়ে দুটি ভাড়া করা কক্ষে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধকালীন গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরটির যাত্রা শুরু হলো।
মুনতাসীর মামুন বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম বৈশিষ্ট্য হলো অসাম্প্রদায়িকতা। আমরা যদি সেই ইতিহাস চর্চা করতে না পারি, তাহলে আমাদের দেশ পাকিস্তানি আমলের মতো রাষ্ট্রে পরিণত হবে।’
চিত্রশিল্পী হাশেম খান বলেন, মুক্তিযুদ্ধের সময় যে হত্যাযজ্ঞ হয়েছিল, যে ধ্বংসযজ্ঞ হয়েছিল তা সংরক্ষণ হয়নি ৪৩ বছরে। খুলনায় প্রতিষ্ঠিত গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের মাধ্যমে তা সংরক্ষণ করা হবে।