গণিত আয়ত্ত হলে এর চেয়ে সহজ নেই

কয়েক দিনের প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা কাটিয়ে সকাল থেকেই ঝলমলে রোদ। সেই ঝলমলে সকালকে আরও রাঙিয়ে তুলেছে গণিত জয়ের প্রতিযোগিতা। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আঞ্চলিক পর্বে আজ সোমবার পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল বলেন, গণিতকে ভয় করলে চলবে না। ভীতি কাটিয়ে গণিতকে ভালোবাসতে হবে। গণিত যদি ভালোভাবে আয়ত্ত করা যায়, তাহলে এর চেয়ে সহজ কোনো বিষয় হতে পারে না। তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের শিক্ষামূলক ও সৃষ্টিশীল কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী একেএম কলেজের গণিতের বিভাগীয় প্রধান গৌতম কুমার দাস বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা এবং ডাচ্-বাংলা ব্যাংক পটুয়াখালী শাখার জ্যেষ্ঠ নির্বাহী ব্যবস্থাপক মো. সাইদুর রহমান আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। এ সময় পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশন করে। পটুয়াখালী জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মূল পর্ব গণিত অলিম্পিয়াডে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে ভাগ হয়ে শিক্ষার্থীরা ১ ঘণ্টা ১৫ মিনিটের একটি পরীক্ষায় অংশ নেয়।
পটুয়াখালী অঞ্চলে বিজয়ী হয়েছে ১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শাখায় চারজন, নিম্নমাধ্যমিক শাখায় পাঁচজন, মাধ্যমিক শাখায় ছয়জন এবং উচ্চমাধ্যমিক শাখায় একজন।
এ বছর মোট ২৪টি জেলায় আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের বিজয়ীরা ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় ১৬তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে আয়োজিত পটুয়াখালীতে আঞ্চলিক গণিত উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে উৎসবটির ব্যবস্থাপনা করেছে প্রথম আলো। এতে সহযোগিতা করেছেন পটুয়াখালী বন্ধুসভার সদস্যরা।