গণিত উৎসব গণিত জয়ের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎ​সবে আসা শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: প্রথম আলো
উৎ​সবে আসা শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: প্রথম আলো

কুয়াশায় ঢাকা চারপাশ। সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। কিন্তু কিছুই ঠেকাতে পারেনি খুদে গণিতবিদদের। পাহাড়-নদী-সাগর ডিঙিয়ে আসা শিক্ষার্থীদের উপস্থিতিতে সাতসকালে ভরে গিয়েছিল কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ। আনুষ্ঠানিক ঘোষণার আগেই যেন শুরু হয় গণিত উৎসব। গণিত জয়ের শপথ নিয়ে বাড়ি ফেরে হাজারো শিক্ষার্থী।

সকাল সোয়া নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব। এ সময় জাতীয় পতাকা, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড পতাকা ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, ডাচ্-বাংলা ব্যাংকের কক্সবাজারের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাজ্জাদুর রহমান, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন। এরপর উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।

জেলা প্রশাসক বলেন, গণিত ছাড়া বিজ্ঞান হয় না। গণিত না জানলে উচ্চশিক্ষা গ্রহণ সম্ভব নয়। গণিত সোজা, শুধু বুদ্ধির খেলা। বুদ্ধিকে পরিপক্ব করে এই গণিত। তিনি আরও বলেন, মানবসভ্যতার পেছনে গণিতের অবদান অনেক। তাই গণিতকে জয় করতে হবে। এ সময় শিক্ষার্থীরা হাত তুলে গণিত জয়ের শপথ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. সাজ্জাদুর রহমান, মো. নাছির উদ্দিন ছাড়াও বক্তব্য দেন কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস।

‘গণিত শেখো স্বপ্ন দেখো’ স্লোগানের এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় এ উৎসবে অংশ নেয় কক্সবাজার ও বান্দরবানের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫৭ জন শিক্ষার্থী।

উদ্বোধন শেষে শিক্ষার্থীরা অংশ নেয় এক ঘণ্টার লিখিত পরীক্ষায়। সোয়া ১১টায় হল থেকে বেরিয়ে আসে শিক্ষার্থীরা। এ সময় মঞ্চে বেজে ওঠে গণিতের গান। সঙ্গে সঙ্গে কে কার আগে মঞ্চের সামনে বসবে, তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। অনুষ্ঠিত হয় বন্ধুসভার আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

এরপর শুরু হয় উৎসবের সবচেয়ে মজার পর্ব প্রশ্নোত্তর। এ সময় মঞ্চে ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক আরশাদ চৌধুরী ও নোভা আহমেদ, বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান আবদুল কুদ্দুস, প্রভাষক নিজাম উদ্দিন ফারুকী, পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মফিজুল আলম, কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক জেবুন্নেছা ও প্রথম আলো যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।

মোমবাতির শিখা ওপরের দিকে যায় কেন? হাস্যকর বোকামির সঙ্গে গণিতের সম্পর্ক কী? বায়ুমণ্ডল শূন্য হয় কেন? মিল্কিওয়ের মাঝখানে অদ্ভুত শক্তি উৎপন্ন হয় কেন? মানুষ মারা গেলে হার্ডওয়্যার হয় নাকি সফটওয়্যার হয়? যেকোনো সংখ্যার সূচক শূন্য হলে মান এক হয় কেন? শূন্য জোড় নাকি বেজোড়? শূন্য ঋণাত্মক নাকি ধনাত্মক? সময় কেন আপেক্ষিক? প্রতি দুটি সংখ্যার ঘন পার্থক্য ১২ করে বাড়ে কেন? খুদে গণিতবিদদের এমনই নানা মজার প্রশ্নের উত্তর দিতে হয়েছে মঞ্চে থাকা অতিথিদের। এই পর্বে শিক্ষার্থীরা মজার মজার প্রশ্ন করে পুরস্কার জিতে নেয়।

প্রশ্ন করছে এক খুদে শিক্ষার্থী। ছবি: প্রথম আলো
প্রশ্ন করছে এক খুদে শিক্ষার্থী। ছবি: প্রথম আলো

পুরস্কার বিতরণের আগে এক মিনিট পর্বে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘সবাইকে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এ দেশ আমার, এ মাটি আমার। তাই আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হব।’

অনুষ্ঠানের সঞ্চালক মুনির হাসান শিক্ষার্থীদের মুখস্থ, মাদক ও মিথ্যাকে ‘না’ বলার অঙ্গীকার করান।

উৎসবের সমাপনী পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রাথমিক ক্যাটাগরিতে ১১ জন, জুনিয়রে ১৪ জন, সেকেন্ডারিতে ১৪ জন ও হায়ার সেকেন্ডারিতে ১১ জনকে পদক ও টি-শার্ট দেওয়া হয়। এ ছাড়া কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভেন্যু স্মারক তুলে দেওয়া হয়।

উৎসবে ছিল প্রথম আলো বন্ধুসভার স্টল ও বইয়ের দোকান। সেখানে ছিল উপচে পড়া ভিড়।