গণিত উৎসব দেশ গড়ায় ভূমিকা রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবের মধ্যে পরীক্ষা। ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত গণিত উৎসবে প্রশ্ন দেখে সম্ভব সমাধান নিয়ে ভাবছে পরীক্ষার্থীরা। গতকাল তোলা ছবি l জগলুল পাশা
উৎসবের মধ্যে পরীক্ষা। ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত গণিত উৎসবে প্রশ্ন দেখে সম্ভব সমাধান নিয়ে ভাবছে পরীক্ষার্থীরা। গতকাল তোলা ছবি l জগলুল পাশা

সকাল থেকেই দলে দলে আসতে শুরু করে শিক্ষার্থীরা। এরপর উদ্বোধনী অনুষ্ঠান, পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, নাচ গান, জাদু, পুরস্কার জেতা। এসব আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১৭ ময়মনসিংহ আঞ্চলিক পর্বের আসর।
‘গণিত শেখো স্বপ্ন দেখো’ স্লোগান প্রতিপাদ্য করে ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে উৎসবের আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। প্রধান শিক্ষক নাছিমা আক্তার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও ডাচ্-বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার উপব্যবস্থাপক মোহাম্মদ নূরে আলম খান বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশ করেন ময়মনসিংহ বন্ধুসভার সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে গণিত প্রয়োজন। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নানা বিষয়ে কাজ করছে। গণিত উৎসবও দেশ গড়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, দিনে দিনে গণিত উৎসবে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। আগামীতে উৎসবের ব্যাপ্তি বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। নাছিমা আক্তার ও মোহাম্মদ নূরে আলম খান তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শুভকামনা জানান। উৎসবে অংশ নেয় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার শতাধিক শিক্ষাপ ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ জন শিক্ষার্থী।
উদ্বোধনের পর ১ ঘণ্টা ১৫ মিনিটের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এরপর বন্ধুসভার পরিবেশনায় গণিত জয়ের গান দিয়ে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। বুদ্ধিদীপ্ত নানা প্রশ্ন করে খুদে গণিতবিদেরা তাক লাগিয়ে দেয় মঞ্চে থাকা গণিতের শিক্ষকদের। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তন দেন আব্দুল কাইয়ুম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, মোহাম্মদ নূরে আলম খান, নাছিমা আক্তার, ময়মনসিংহ গণিত সমিতির সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল হাই, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায়, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, একই কলেজের চেয়ারম্যান আবু সায়েম, ময়মনসিংহ জিলা স্কুলের সহকারী শিক্ষক আলতাব হোসেন, ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ, শিক্ষার্থী নুর মোহাম্মদ মাহি ও ইস্পিতা বহ্নি।
চার ক্যাটাগরিতে মোট বিজয়ী হন ৮০ জন শিক্ষার্থী। অতিথিরা বিজয়ীদের মেডেল ও সনদ দেন। বিজয়ী শিক্ষার্থীরা আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেবে। প্রধান শিক্ষক নাছিমা আক্তারের হাতে ভেন্যু স্মারক তুলে দেন আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুনির হাসান, ময়মনসিংহ বন্ধুসভার বন্ধু নাহিদ মণ্ডল ও রিমন।