গণিত উৎসবের যুগপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিত উৎসবের যুগপূর্তিতে ছাত্র-শিক্ষক, অভিভাবক, ডাচ্-বাংলা ব্যাংক, প্রথম আলো পত্রিকা, স্বেচ্ছাসেবকসহ উৎসবের শুভানুধ্যায়ী সমাজের সব নাগরিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। এই এক যুগে আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের চিন্তা-চেতনা, আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নে নানা গুণগত পরিবর্তন হয়েছে। গণিত উৎসবে আমরা গণিত অলিম্পিয়াড আয়োজন করলেও এই উৎসবের মাধ্যমে আমরা ছেলেমেয়েদের মধ্যে দেশপ্রেমের বীজ বপন করার চেষ্টা করি, ভালো নাগরিক হওয়ার জন্য উৎসাহী করি, প্রশ্ন করতে উদ্বুদ্ধ করি। আজ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্কুলপড়ুয়া মেয়ে প্রশ্ন করতে পারে, কেন পানির ফোঁটা গোলাকার ধারণ করে, আকাশ কেন নীল দেখায়—আরও কত প্রশ্ন, অথচ আমি যখন তাদের মতো ছোট ছিলাম, আমার সে সাহস ছিল না। গণিত উৎসব আমাদের ছেলেমেয়েদের প্রশ্ন করতে শিখিয়েছে। শুধু তা-ই নয়, আমাদের ছেলেমেয়েরা প্রথম যখন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যায়, তখন প্রশ্নগুলোর উত্তর করা তাদের জন্য কত কঠিন ছিল। এখন আমাদের ছাত্ররা আশানুরূপ নৈপুণ্য প্রদর্শন না করলেও পদক পেতে তাদের অসুবিধা হচ্ছে না। এই কার্যক্রমের মাধ্যমে আমরা একটি চিন্তাশীল, সৃজনশীল জাতি তৈরিতে বদ্ধপরিকর। পৃথিবীর এক-সহস্রাংশ ভূমির ওপর ২৪ সহস্রাংশ মানুষের খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসেবা প্রদান করতে হলে আমাদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতেই হবে। দেশকে সেই পথেই এগিয়ে দেওয়ার প্রত্যয়ে গণিত উৎসব আয়োজিত হচ্ছে।