গণিত এখন আনন্দের পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণকারীরা সাকিব আল হাসানের অনুকরণে স্যালুট করছে। ছবিটি গতকাল যশোর জিলা স্কুল থেকে তোলা l এহসান-উদ-দৌলা
আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণকারীরা সাকিব আল হাসানের অনুকরণে স্যালুট করছে। ছবিটি গতকাল যশোর জিলা স্কুল থেকে তোলা l এহসান-উদ-দৌলা

কুয়াশার চাদরে মোড়ানো সকাল। কনকনে শীত। রোদের দেখা মেলেনি। তবু গণিত জয়ের আকাঙ্ক্ষায় শত শত শিক্ষার্থী সাতসকালে ছুটে এসেছে আঞ্চলিক গণিত উৎসব প্রাঙ্গণে। গতকাল শনিবার যশোর জিলা স্কুল মাঠে বসেছিল ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১৭-এর যশোর আঞ্চলিক পর্বের আসর। এবারের আসরে মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও যশোর জেলার গ্রাম-গ্রামান্তর থেকে ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৯০০ শিক্ষার্থী যোগ দেয়।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন-ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক সোয়াইব হোসেন এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংক যশোর শাখার উপব্যবস্থাপক দিলীপ কুমার বিশ্বাস।
হুমায়ুন কবীর উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘গণিত একটি কঠিন বিষয়। গণিত উৎসব আয়োজনের কারণে গণিত এখন আনন্দের পাঠে পরিণত হয়েছে। গণিত নিয়ে শিক্ষার্থীরা স্বপ্ন দেখছে। এই স্বপ্ন দেখানোর কাজটি করে দেওয়ার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানাই।’
উদ্বোধনের পর দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা হয়। পরীক্ষা শেষে বন্ধুতা পর্বে শিক্ষার্থীরা মাঠে থাকা বিভিন্ন ধরনের স্টল থেকে গণিতের বই ও বিজ্ঞানের মজার মজার জিনিসপত্র সংগ্রহ করে নেয়।
এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শব্দ কোথায় যায়, ঘুম জিনিসটা কী, গাড়ির তেল কোথায় যায়, ফ্যানের বাতাসে কাপড় শুকায় কেন—এ রকম অনেক প্রশ্ন করে শিক্ষার্থীরা তাদের ভাবনার জগৎ তুলে ধরে। বুদ্ধিদীপ্ত প্রশ্ন করার জন্য তাদের পুরস্কৃত করা হয়।
মঞ্চ থেকে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সম্রাট কুমার দে, একই বিভাগের প্রভাষক চিত্রলেখা কর্মকার ও যশোর মেডিকেল কলেজের প্রভাষক আলাউদ্দীন আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান। প্রশ্নোত্তরের ফাঁকে রুবিক্স কিউব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন দিলীপ কুমার বিশ্বাস, সোয়াইব হোসেন প্রমুখ। এ সময় জিলা স্কুলের প্রতিনিধির হাতে ভেন্যু স্মারক তুলে দেওয়া হয়। বন্ধুসভার বন্ধুদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিজয়ী সনদপত্র ও ঢাকার জাতীয় উৎসবে যাওয়ার টিকিট। গণিত জয়ের গান ‘আমরা করব জয়’ পরিবেশন করেন পুনশ্চ যশোরের শিল্পীরা।