কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ২১ হাজার ৪৩ জন পরীক্ষার্থী গণিত ও ইংরেজিতে ফেল করেছে। গত রোববার সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। গত শনিবার এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়।
বোর্ডের সিস্টেম এনালিস্ট বিকাশ মল্লিক জানান, কুমিল্লা বোর্ডে এ বছর ১ লাখ ৪৬ হাজার ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২২ হাজার ৭৬৫ জন পাস করেছে। ফেল করেছে ২৩ হাজার ৫০৪ জন। এতে গণিতে ১৬ হাজার ৮০৫ জন, ইংরেজিতে ৪ হাজার ২৩৮ জন ও বিভিন্ন বিষয়ে ২ হাজার ৪৬১ জন ফেল করেছে। গণিতে ফেল করা পরীক্ষার্থীদের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার ৯ হাজার ৯৫ জন, মানবিকের ৭ হাজার ২৭ জন ও বিজ্ঞানের ৬৮৩ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক বরুড়া উপজেলার অন্তত তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা দাবি করেন, গণিতের ভালো শিক্ষক পাওয়া যায় না। যাঁদের পাওয়া যায়, তাঁরা কয়েক দিন থেকে অন্য চাকরিতে চলে যান। এতে খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনো রকমে টেনেটুনে ক্লাস চালিয়ে নেওয়া হয়। সৃজনশীল পদ্ধতির পাঠদানের দক্ষতা অর্জনে শিক্ষকদেরও ঘাটতি ছিল। তাই এ বছর গণিতের সৃজনশীল প্রশ্নপত্র অনেকেই বুঝতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক সচিব মমিনুল হক চৌধুরী বলেন, গণিত ও ইংরেজিতে এখনকার শিক্ষার্থীদের বড় ধরনের ঘাটতি রয়েছে। নকল করে পাস করে আসা শিক্ষার্থীদের কেউ কেউ এখন শিক্ষক হয়েছেন। তাঁদের পাঠদানে বৈচিত্র্য নেই, মুখস্থ করে পড়ানোর প্রবণতা রয়েছে। যে কারণে এত সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে।
কায়সার আহমেদ বলেন, বোর্ডে পরীক্ষা দেওয়া সব ব্যাচের পরীক্ষার্থীরা ভালো হবে, এমনটা ভাবার কারণ নেই। গণিতে প্রথমবার সৃজনশীল পদ্ধতি চালু হওয়ায় পরীক্ষার্থীরা কিছুটা বেকায়দায় পড়েছে। এতে পাসের হার কমেছে।
ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ কমেছে: ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৭৪ হাজার ৮৩৪ জন পরীক্ষা দিয়ে ৬২ হাজার ২৯৯ জন পাস করেছে। পাসের হার ৮৩ দশমিক ৫৩। জিপিএ-৫ পেয়েছে ৫৪৫ জন। ২০১৪ সালে এ শাখায় জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৪৮১ জন। ২০১৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৫৫০ জন।