গণিত জয় করার প্রত্যয়

কেউ কেউ দল বেঁধে, কেউবা একা। আবার কারও সঙ্গে অভিভাবক। ভোর থেকে এভাবে আসতে থাকে শিক্ষার্থীরা। সকাল নয়টার আগেই ভরে যায় সুনামগঞ্জ পৌর শহরের এইচ এম পি উচ্চবিদ্যালয়ের মাঠ। গণিত জয় করার প্রত্যয়ে এসেছে তারা। সেখানে বসেছে ১৩তম আঞ্চলিক গণিত উৎসবের সিলেট অঞ্চলের অনুষ্ঠান।
ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠাপোষকতায় আর প্রথম আলোর সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জের এ গণিত উৎসবে সিলেট ও সুনামগঞ্জ জেলার ছয় শয়ের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—এই চার বিভাগে শিক্ষার্থীরা উৎসবের পরীক্ষায় অংশ নিয়েছে।
সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতে শুরু হয় এ উৎসব। বন্ধুসভার সদস্যদের গাওয়া জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক গোলাম আজাদ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা এবং এইচ এম পি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। এরপর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, এক সময় গণিতে শিক্ষার্থীদের প্রচণ্ড ভীতি ছিল। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকতেন। এখন সেই ভীতি অনেক কমেছে। গণিত উৎসব আয়োজন এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে।
গণিতকে ‘বাঘ’ ভাবতেন বলে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, গণিতকে মজার বিষয় হিসেবে ভাবতে হবে। সব ভয়ভীতি উপেক্ষা করে গণিতকে জয় করতে হবে।