গণিত জয়ে যেন যুদ্ধজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা, কক্সবাজার, পটুয়াখালী ঠাকুরগাঁও, রাজশাহী ও ঢাকা আঞ্চলিক গণিত উৎসব নিয়ে বিশেষ আয়োজন

প্রশ্নোত্তর পর্বে উত্তর দিচ্ছেন অতিথিরা
প্রশ্নোত্তর পর্বে উত্তর দিচ্ছেন অতিথিরা

দুই দিনে ১৩টি উৎসব! আগের বছরগুলোতে আমরা মোট উৎসবই করেছি ১৭টি। আর এবার উৎসবের সংখ্যা হয়েছে ২২টি। কিন্তু আয়োজনের জন্য দিন ছিল মাত্র চার দিন। ফলে ১৭ তারিখে আটটি, ২৪ তারিখে আটটি আর ২৫ তারিখে উৎসব করতে হয়েছে পাঁচটি। ঢাকায় আঞ্চলিক উৎসব হয়েছে ফেব্রুয়ারির ১ তারিখে।

শুরু হচ্ছে রাজশাহী উত্সব
শুরু হচ্ছে রাজশাহী উত্সব

প্রতিটি উৎসবে ঢাকা থেকে কিছু জরুরি সামগ্রী পাঠাতে হয়। সেগুলো নিয়ে একটি অগ্রবর্তী টিম যায়। তাদের পেছনে পেছনে যায় একাডেমিক দল। তাদের কাছে থাকে অলিম্পিয়াডের প্রশ্ন, ক্যাটাগরি অনুসারে। উৎসবের আগের রাতে কেন্দ্রীয় একাডেমিক দলের সদস্যরা সেগুলো সিটপ্ল্যান অনুসারে প্যাকেটবন্দী করে। প্রায় ভেন্যুতে এই কাজটা শেষ হয় ভোররাতের দিকে। আর অগ্রবর্তী দল নিয়ে যায় ব্যানার, তিনটি পতাকা, স্ট্যাপলারসহ উৎসব ও পরীক্ষানুষ্ঠানের বিভিন্ন সামগ্রী। পুরস্কার, স্বেচ্ছাসেবক আর বিজয়ীদের টি-শার্ট, মেডেল, চিঠি এবং ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানের স্মারক—এগুলোও সময়মতো উৎসবের স্থানে পাঠাতে হয়। অগ্রবর্তী ও একাডেমিক দলের পর কেন্দ্রীয় শিক্ষকদের শেষ দলটি পৌঁছায় উৎসবে। এই দলে থাকেন অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুৎফুজ্জামান, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক আবদুল হাকিমসহ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য, একাডেমিক কাউন্সিলর এবং গণিতের শিক্ষকেরা।
তো, দুই দিনের ১৩টি উৎসব হবে দেশের সব প্রান্তে—ঠাকুরগাঁও থেকে কক্সবাজার, খুলনা থেকে সিলেট, পটুয়াখালী থেকে ব্রাহ্মণবাড়িয়া! ১৩ জায়গায় পাঠাতে হবে মোট ৭৪ জনকে। এঁদের কেউ বাসে, কেউ ট্রেনে, কেউবা লঞ্চে যাবেন। আবার কেউ হয়তো বগুড়া বা বরিশালের উৎসব শেষ করে রাজশাহী বা ভোলায় যাবেন। ঢাকায় বসে তাঁদের সবার টিকিট কাটাটাই এক বিরাট দক্ষ-যজ্ঞ। তারপর খাওয়ার সময় দলের হাতে ঠিক ঠিক মাল-সামানা তুলে দেওয়াটাও একটা বড় কাজ। অন্যদিকে, যথাসময়ে ট্রেন-বাস যে ছেড়ে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। ২২ জানুয়ারির নীলসাগর এক্সপ্রেস মাত্র ৭ ঘণ্টা বিলম্বে ঢাকা থেকে ছেড়ে গেছে। ফলে, বুয়েটের সহযোগী অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী ও দলকে সৈয়দপুর রেলস্টেশনে অভ্যর্থনা জানানোর জন্য রাত তিনটার সময় সেখানে মাইক্রোবাস নিয়ে উপস্থিত থাকতে হয়েছে রাকিবুল ইসলামকে!
এ তো শুধু একটি উপলক্ষ। ঢাকায় উৎসবে এবার হাজির ছিল দুই হাজার ২১৮ জন। আর নিবন্ধন করেছে দুই হাজার ৬০০ জন। তাদের জন্য ৪৯টি কক্ষে আসনবিন্যাস করতে হয়েছে এবং সেই কাজ শেষ হয়েছে গভীর রাতে। অন্যদিকে, ঢাকার ভেন্যু রেসিডেনসিয়াল মডেল কলেজে শুক্রবার ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেটি শেষ হয়েছে সন্ধ্যা ছয়টায়। তার পর থেকে শুরু হয়েছে আড়াই হাজার লোকের জন্য মঞ্চ ও প্যান্ডেল বানানোর কাজ। ৫০ জন শ্রমিক নিজেদের উজাড় করে যখন কাজ শেষ করেছেন, তখন পুবাকাশে আলোর রেখা দেখা দিয়েছে।

ঢাকায় গণিত অলিম্পিয়াডের এ যাবত্কালের সবচেয়ে বড় আসরের সূচনা
ঢাকায় গণিত অলিম্পিয়াডের এ যাবত্কালের সবচেয়ে বড় আসরের সূচনা

শুধু ঢাকার স্বেচ্ছাসেবক নয়, সারা দেশের ২১টি ভেন্যুতে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা নির্ঘুম রাত কাটিয়ে সফল করেছেন তাঁদের প্রাণের উৎসব। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব দীর্ঘ এক যুগ ধরে এ রকম হাজার হাজার তরুণ-তরুণীর স্বেচ্ছাশ্রমে আজ এই জায়গার এসে দাঁড়িয়েছে।
তাঁদের উৎসাহ জোগানোর জন্য ভেন্যু স্কুলের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলীর পাশাপাশি উপস্থিত থাকেন অনেক অভিভাবকও। কোনো কোনো অভিভাবক উৎসবের সকালে নিজে থেকে কোনো না কোনো কাজে লেগে যান। কারণ, গণিত উৎসব তো তাঁরই উৎসব!
আর এ রকম একটা প্রাণের মেলা থেকে কেমন করে মুখ ফিরিয়ে রাখে প্রশাসন। সব ভেন্যুতে তাই প্রশাসনের সহযোগিতা চোখে পড়ে। কক্সবাজার জেলার জেলা প্রশাসক রুহুল আমীন, ভেন্যু স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের তারিখ পরিবর্তন করে গণিত উৎসবের জন্য স্কুল ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছেন!
সন্ধ্যা ছয়টার সময় যশোর বিমানবন্দর থেকে বন্ধুসভার সহসভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের মোটরসাইকেলের পেছনে বসে ঝিনাইদহ যাওয়ার বাস ধরতে যাওয়ার সময় আমার মনে পড়ছিল কবিতার সেই লাইন—‘অদ্রি তলে বসে শিলাখণ্ড বহে অদ্রিভার।’
আমরা সব সময় এভারেস্টের চূড়া দেখতে অভ্যস্ত। কিন্তু হিমালয়ের সবচেয়ে নিচে যে পাথরখণ্ডটি হিমালয়কে ধরে রেখেছে তার কথা মনে রাখিনা। গণিত উৎসবের যুগপূর্তিতে আমি সবিনয়ে আমাদের ম্যাথঅলিম্পিয়াড ভলান্টিয়ার্স (মুভার্স), প্রথম আলো বন্ধুসভার বন্ধু, প্রথম আলোর বিভিন্ন জেলা/উপজেলার প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক, গণিত অলিম্পিয়াডের একাডেমিক দল, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, প্রশাসন এবং আমাদের আর্থিক পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংককে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সবাইকে নিয়ে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের আমাদের এই যুদ্ধ যেন একদিন বিজয়ীহয়।
জয়তু গণিত উৎসব।