গণিত জয়ের উচ্ছ্বাসে বগুড়া আঞ্চলিক গণিত উৎসব শুরু

সকালে কুয়াশা ও শীত। তা উপেক্ষা করেই গণিত জয়ের উচ্ছ্বাস নিয়ে বগুড়ার আর্মড পুলিশ স্কুল অ্যান্ড কলেজ চত্বরে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার মধ্যে প্রায় সাড়ে আট শ শিক্ষার্থীর পদচারণে মুখরিত হয়ে ওঠে বগুড়ার আঞ্চলিক গণিত উৎসব স্থল।
সকাল নয়টার দিকে বগুড়ার চর্চা সাংস্কৃতিক একাডেমির শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উৎসব। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। জাতীয় গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন আর্মড পুলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক ফজলূল কবির। এরপর অতিথিরা বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা।

এ সময় শুভেচ্ছা বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, ভীতি কাটিয়ে গণিতকে জয়ের একবুক স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা আজকের এই উৎসবে এসেছে। সামনে আমাদের অবারিত সম্ভাবনা। ডাচ-বাংলা ব্যাংক প্রথম আলো শিক্ষার্থীদের গণিত জয়ের স্বপ্ন দেখাচ্ছে। এই স্বপ্ন একদিন সত্যি হবেই। কারণ নানা ক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বকে তাক লাগিয়েছে। ক্রিকেটে, খেলাধুলায় এখন বাংলাদেশের দামাল ছেলে-মেয়েরা স্বপ্ন ছুঁয়েছে। গণিতে বিশ্বজয় এখন আমাদের সময়ের অপেক্ষামাত্র।
সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা এক ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে উৎসব মঞ্চে শুরু হয় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীরা গণিত, বিজ্ঞান ও কম্পিউটার বিষয়ে নানান প্রশ্ন করছেন।
শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন ঢাকা থেকে আসা গণিত অলিম্পিয়াড টিমের মাহমুদুল হাসান সোহাগ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম ও মো. মোরশেদ আলম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও সহকারী অধ্যাপক ফারুক আহমেদ, পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান আলী এবং পল্লি উন্নয়ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জিয়াউল ইসলাম প্রমুখ।
মধ্যাহ্ন বিরতির পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।