গণিত দল দেশে ফিরেছে
৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) শেষে গতকাল সোমবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ গণিত দল। আইএমওতে এবার বাংলাদেশ দলের অর্জন একটি ব্রোঞ্জ পদক ও একটি সম্মানসূচক স্বীকৃতি।ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ গণিত দলের সদস্য ও পর্যবেক্ষককে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রথম আলোর পক্ষে সেখানে উপস্থিত ছিলেন উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, গতবারের ব্রোঞ্জ বিজয়ী তারিক আদনান, গণিত অলিম্পিয়াড স্বেচ্ছাসেবক দল (মুভার্স) ও খুদে গণিতবিদদের পরিবারের সদস্যরা।নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত এবারের আইএমওতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয় ধনঞ্জয় বিশ্বাস, সৌরভ দাস, ফাহিম ফেরদৌস ও নূর মোহাম্মদ শফিউল্লাহ। এ ছাড়া নাফিজা আনজুম দ্বিতীয়বার এবং কাজী হাসান জোবায়ের তৃতীয়বারের মতো আইএমওতে অংশ নেয়। দলনেতা, উপদলনেতা ও পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কোচ মাহবুব মজুমদার, সাধারণ সম্পাদক মুনির হাসান ও একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান।সাত বছর ধরে আইএমওতে অংশ নিয়ে বাংলাদেশ গণিত দলের অর্জনের পাল্লা ভারী হচ্ছে একটু একটু করে। এবারের আগে সবচেয়ে বড় অর্জন এসেছে ২০০৯ সালে পঞ্চমবারের অংশগ্রহণে—দুটি ব্রোঞ্জ ও তিনটি সম্মানসূচক স্বীকৃতি।ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎ সব আয়োজনের মাধ্যমে ৫২তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন এবং এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।