গণিত দিয়েই ভালো ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষায় মিলেছে কাঙ্ক্ষিত ফল। তাই বাঁধভাঙা উল্লাস তিন শিক্ষার্থীর। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
এসএসসি পরীক্ষায় মিলেছে কাঙ্ক্ষিত ফল। তাই বাঁধভাঙা উল্লাস তিন শিক্ষার্থীর। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

এক বছরের ব্যবধানে গণিতে সৃজনশীলের ভীতি কাটিয়ে আবারও ভালোর স্রোতে ফিরল মাধ্যমিকের শিক্ষার্থীরা। গত বছর গণিতের ধাক্কায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছিল।
এবার ফল উল্টো। গণিতে ভালো করে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসিতে পাসের হার গতবারের চেয়ে প্রায় ২ শতাংশ বেড়ে হয়েছে ৮৮ দশমিক ৭০ শতাংশ। আর ভালো ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ বেড়েছে তিন হাজার ১৩৮। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৯৬ হাজার ৭৬৯ শিক্ষার্থী। গতবার পেয়েছিল ৯৩ হাজার ৬৩১ শিক্ষার্থী।
ফল বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি শিক্ষা বোর্ডে এবার গণিতে পাসের হার ৯০ শতাংশের ওপরে বা কাছাকাছি, যা গড় পাসের হারের চেয়েও বেশি। প্রতিটি বোর্ডেই গণিতে পাসের হার গতবারের চেয়ে বেশি। পাশাপাশি ইংরেজি বিষয়েও শিক্ষা বোর্ডগুলোর এবার গড় পাসের হার ৯৫ শতাংশের ওপরে বা কাছাকাছি, যা পাসের হার বেড়ে যাওয়ার আরেকটি কারণ।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ প্রথম আলোকে বলেন,
গত বছর গণিতে প্রথমবারের মতো সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হওয়ায় তখন এ বিষয়ে ফল বেশ খারাপ হয়েছিল। এ কারণে সার্বিক ফলও খারাপ হয়। এবার দেখা যাচ্ছে, গণিতে শিক্ষার্থীরা অনেক ভালো করেছে। এ কারণে পাসের হারও বেড়েছে। প্রথমবার হওয়ায় গত বছর শিক্ষকেরাও গণিতে সৃজনশীলের বিষয়টি ভালোভাবে বুঝতে পারেননি। বিভিন্ন পদক্ষেপের কারণে শিক্ষকেরাও এখন বিষয়টি বুঝতে পেরেছেন, ফলে শিক্ষার্থীদের বোঝাতে পেরেছেন।
সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এবার এসএসসিতে পরীক্ষা দিয়েছিল ১৩ লাখ ২৮৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৫৩ হাজার ৩৬৩ জন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসির ফলাফলে তিনি খুশি, তবে আরও খুশি হতে চান।
গত বছর এসএসসিতে গড় পাসের হার তার আগের বছরের চেয়ে প্রায় ৬ শতাংশ কমেছিল। এর বড় কারণ ছিল গণিতে পাসের হার ৭ দশমিক ৭৩ শতাংশ কমেছিল।
এবার বিষয়ভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, গণিতে সবচেয়ে ভালো করেছে রাজশাহী বোর্ড, পাসের হার প্রায় ৯৭ শতাংশ। আটটি বোর্ডের মধ্যে পাসের হারেও (৯৫ দশমিক ৭০ শতাংশ) তারা সেরা। ঢাকা বোর্ডে গণিতে ৯৩ দশমিক ১০, কুমিল্লায় ৯২ দশমিক ১৯, যশোরে ৯৫ দশমিক ৪১, চট্টগ্রামে প্রায় ৯৭, সিলেটে ৮৮ দশমিক ৩১ ও দিনাজপুরে ৯৫ দশমিক ২৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এবার গণিতে সবচেয়ে কম পাস করেছে বরিশাল বোর্ডে, প্রায় ৮৭ শতাংশ। পাসের হারের দিক থেকেও নিচের দিকে, ৭৯ দশমিক ৪১ শতাংশ।
পরীক্ষার পদ্ধতিগত কারণেও শিক্ষার্থীরা বেশি নম্বর পায়। কারণ এখন সৃজনশীলের একেকটি অংশের জন্য আলাদা নম্বর দেওয়া হয়। আগে যেমন গণিতে একটি ভুল হলে পুরো নম্বরই কেটে দেওয়া হতো। এখন যে অংশটি শুদ্ধ হবে তার জন্যই নম্বর দিতে হয়। এগুলো ভালো ফলের পেছনে কাজ করছে।
ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, এবার বেশির ভাগ শিক্ষার্থীর জিপিএ (ফল) ৪ থেকে ৫ এর মধ্যে। প্রায় ২৮ শতাংশ শিক্ষার্থীর ফল এই স্তরের মধ্যে পড়েছে। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী।
জিপিএ-৫-এর অধিকাংশই বিজ্ঞানের: এবারে জিপিএ-৫ পাওয়া অধিকাংশ শিক্ষার্থীই বিজ্ঞান বিভাগের। এবার আট বোর্ডের এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৬ হাজার ৭৬৯ জন। এর মধ্যে ৮৯ হাজার ৩৮৪ জনই বিজ্ঞান শাখার। মানবিকে ১ হাজার ২০১ ও ব্যবসায় শিক্ষায় ৬ হাজার ১৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ছেলে-মেয়ে প্রায় সমান: এবারের এসএসসি পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীদের অংশগ্রহণ বেশি ছিল। তাই উত্তীর্ণের সংখ্যায়ও ছাত্রীরা বেশি। তবে শতকরা হারে পাসের হার ছাত্র ও ছাত্রী একেবারে কাছাকাছি। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৮৮ দশমিক ৭৭ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৮৮ দশমিক ৬৪ শতাংশ। তবে জিপিএ-৫ ছাত্ররা বেশি পেয়েছে। জিপিএ-৫ পাওয়া ছাত্র ৪৯ হাজার ৭১০ জন এবং ছাত্রী ৪৭ হাজার ৫৯ জন ছাত্রী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মাদ্রাসা, কারিগরিসহ ১০ বোর্ডে গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। ১০ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। গতবার পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন। মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ গতবারের চেয়ে ৫ হাজার ৪৪৩ কমে যাওয়ায় মোট জিপিএ-৫ কমেছে। এবার সারা দেশে ৪ হাজার ৭৩৪টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই পাস করেছে। গতবার এমন প্রতিষ্ঠান ছিল ৫ হাজার ৯৫টি। বিপরীতে এবার ৫৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গতবার এমন প্রতিষ্ঠান ছিল ৪৭। এ হিসেবে দুই দিক দিয়েই অবনতি হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৬৭ শতাংশ। এসএসসিতে সারা দেশে যত জিপিএ-৫ পেয়েছে তাঁর অর্ধেকের কাছাকাছি (৪০,৮৩৩) পেয়েছে এই বোর্ড থেকে।
নানা অনিয়মের অভিযোগে গতবারই ঘোষণা দেওয়া হয়েছিল, এবার থেকে সেরা প্রতিষ্ঠানের তালিকা করা হবে না। এটিকে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা ইতিবাচক হিসেবে দেখছেন।
গত ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৪ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মধ্যে ফল প্রকাশ হলো।