গণিত নিয়ে মজা আর মজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে শীতের সকালে আরামের ঘুম কে না চায়? কিন্তু তার চেয়েও বড় আকর্ষণ গণিত উৎসবের। যেখানে গণিত নিয়ে খেলা আর মজা। তাই আড়মোড়া ভেঙে হাজির শিক্ষার্থীরা। জমজমাট উৎসব।

আজ শুক্রবার সকাল নয়টার দিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলোর যৌথ উদ্যোগে ঢাকা আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল মান্নান ভূঁইয়া। তিনি জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের সঙ্গে উৎসবের উদ্বোধন করেন। পরে বলেন, ‘গণিত এমন একটি বিষয়, যা শিক্ষার্থীর সৃজনশীলতাকে উসকে দেয়। প্রথম আলো আমাদের ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞানবিজ্ঞান-চর্চায় তরুণসমাজকে যেভাবে উৎসাহিত করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।’

গণিতের মজা
গণিতের মজা

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। পরে তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে মনে হয় না একসঙ্গে এত শিক্ষার্থী গণিতবিষয়ক এ রকম একটি প্রতিযোগিতায় অংশ নেয়। তিনি শিক্ষার্থীদের গণিতকে উপভোগ করার পরামর্শ দেন। তিনি বলেন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে গণিতে ভালো করার বিকল্প নেই।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন, ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন। পরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গণিতের ডানায় ভর করে তোমরা একদিন সাফল্যের উচ্চশিখরে পৌঁছে যাবে।

গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, ‘এখানে তোমরা সবাই মেডেল পাবে না। কিন্তু সবাই বিজয়ী হবে। কারণ এটি উৎসব। তোমরা একটি উৎসবে যোগ দিয়েছ। সেটি নিয়ে আনন্দ করবে। তোমরা শেখার জন্য লেখাপড়া করবে। জিপিএ ফাইভের জন্য না। আমাদের খুব মন খারাপ হয়—যখন দেখি তোমরা গোল্ডেন ফাইভের জন্য প্রতিযোগিতায় নামো।’

শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ঢাকায় একসঙ্গে এত শিক্ষার্থীর অংশগ্রহণ করাটা মনে হয় একটি রেকর্ড। যখন প্রথম আলো গণিত উৎসব শুরু করে তখন খুব ছোট আকারে হতো। এখন সেটি বড় আকার ধারণ করেছে। এই দফায় নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও ঢাকার ১৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। তিনি আশা করেন, গণিতের মতোই জ্ঞানবিজ্ঞানের প্রতিটি শাখায় এই আলো ছড়িয়ে যাবে।

উদ্বোধনীপর্বে বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউর রহমান, বুয়েটের গণিত বিভাগের শিক্ষক আবদুল হাকিম খান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।