গণিত পরীক্ষা না দিয়েও এসএসসি পাস!
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় রেশমা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেয়নি। কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে তাকে পাস দেখানো হয়েছে। রেশমা সিংহখালী স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রেশমা ওই স্কুল থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত ২৩ ফেব্রুয়ারি গণিত বিষয়ে পরীক্ষায় সে অনুপস্থিত ছিল। তবে বাকি পরীক্ষাগুলোতে সে অংশ নেয়। গতকাল বুধবার এসএসসির ফলাফল প্রকাশিত হলে শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে দেখা যায় রেশমা আক্তার জিপিএ ৪ দশমিক ০৬ পেয়ে পাস করেছে।
সিংহখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ভুলে শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে রেশমা আক্তারকে উত্তীর্ণ দেখানো হয়েছে। তবে বোর্ডের ওয়েবসাইটে রেশমাকে অনুপস্থিত দেখানো হয়েছে।