একজন গণিতের শিক্ষার্থী হিসেবে নিজের জ্ঞান, প্রজ্ঞা ও পরিশ্রম—এই তিনের মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সময়ের প্রতি সচেতন হতে হবে। ‘সম্ভব নয়’ শব্দটি বাদ দিয়ে শিক্ষকদের সহায়তায় নিজেকে সফল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক ও বিভাগের সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে গণিত বিভাগের ৩৬তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা ও ৪১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। লায়েক সাজ্জাদ এন্দেল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক মো. মোতালেব হোসেন, সহযোগী অধ্যাপক মো. আবদুর রব। অনুষ্ঠানে বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে বরণ করে নেওয়া হয়। বেলা দুইটায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক মো. মোতালেব হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞানের সঠিক ব্যবহারের মধ্য দিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন বলেন, গণিতের সুফল ভোগ করতে হলে ভালো লাগা ও আগ্রহ নিয়ে গণিত চর্চায় আত্মনিয়োগ করতে হবে।