গণিত বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসাহ-উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব গতকাল শুক্রবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গত বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে দুই দিনের এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য এম আবদুস সোবহান।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য মুহম্মদ নূরুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর জামাল নজরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুব্রত মজুমদার ও অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অখিল চন্দ্র পাল, অধ্যাপক আসাবুল হক, অধ্যাপক এ এইচ এম রাশেদুন্নবী প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এম আবদুস সোবহান জানান, কোনো বিষয়ই গণিত ছাড়া সম্পূর্ণ নয়। মুহম্মদ জাফর ইকবাল জানান, সুবর্ণজয়ন্তীর এ আয়োজন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের, প্রবীণদের সঙ্গে নবীনদের ও অতীতের সঙ্গে বর্তমানের অবিচ্ছেদ্য সেতুবন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়ের চাহিদা পূরণের জন্য এ বিভাগটি ভবিষ্যতে কোর্স-কারিকুলাম আধুনিকায়নের মাধ্যমে গণিতশাস্ত্র চর্চা ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।দুই দিনের আয়োজিত সুবর্ণজয়ন্তী উৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলনসহ বেলুন ও ফেস্টুন এবং সাদা পায়রা উড়ানো, শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান, স্মৃতিচারণা, একাডেমিক সেশন, খেলাধুলা, গণিত অ্যালামনাই ফোরাম গঠন, রিয়েলিটি শো প্রভৃতি।