
গণিত বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম নগরের কয়েকটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমাদের গণিতে এমসিকিউ সঠিক নিরীক্ষণ চাই’, ‘স্বপ্নভঙ্গের দায় কার?’, ‘নৈর্ব্যক্তিক গ ও ঘ সেটের পুনর্মূল্যায়ন চাই’, ‘তোমাদের ভুলের খেসারত আমরা কেন দেব?’ মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মির্জা আবরার উর রহিম প্রথম আলোকে বলে, ‘সব বিষয়ের মধ্যে আমার গণিত পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছিল। শুধু গণিতেই জিপিএ-৫ পাইনি। অন্য সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছি।’ কলেজিয়েট স্কুল থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আজহার হোসেন ও নিহাল আহমেদ বলে, গণিতে জিপিএ-৫ না পাওয়ায় এখন ভালো কলেজে ভর্তি হওয়া কঠিন হয়ে পড়বে। এই শিক্ষার্থীরা গণিতের গ ও ঘ সেটের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের উত্তর আবার মূল্যায়নের দাবি জানায়।
মানববন্ধনে অংশ নেওয়া বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ মিথিলা দাশের বাবা কৃষ্ণ প্রসাদ দাশ প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ের গণিত পরীক্ষা খুব ভালো হয়েছিল। বাসায় এসে উত্তর মিলিয়েও দেখেছিলাম। এতে তার ৮০-এর বেশি নম্বর পাওয়ার কথা। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেছে, সে গণিতে এ গ্রেড পেয়েছে। এখন তার ভালো কলেজে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি।’
গত বুধবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার গণিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩০৬। গণিতে মোট পাসের হার ৯৬ দশমিক ৮১ শতাংশ। তবে শিক্ষার্থীদের অভিযোগ, গণিত বিষয়ের নৈর্ব্যক্তিক গ ও ঘ সেটের প্রশ্নপত্রের উত্তর মূল্যায়নের সময় ত্রুটির কারণে সঠিক ফলাফল আসেনি। এতে অনেক মেধাবী শিক্ষার্থী গণিতে জিপিএ-৫ থেকে বঞ্চিত হয়েছে। এ বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ড ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।