গণিত শিখতে আঙুল-দিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গণিত শিখতে গিয়ে অনেক ছাত্রছাত্রী হিমশিম খায়। কিন্তু তারা নির্দিষ্ট কিছু অঙ্ক করার সময় একটি আঙুলের সাহায্যে দিশা রাখলে দ্রুত ও সহজে সমাধান করতে পারবে। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এমনটিই দাবি করছেন।
সিডনির ২৭৫টি বিদ্যালয়ে নয় থেকে ১৩ বছর বয়সী শিশুদের ওপর বেশ কয়েকটি গবেষণা চালিয়ে ওই গবেষকেরা দেখতে পান, জ্যামিতি ও বীজগণিতের সমস্যার বিভিন্ন অংশ সমাধানের সময় সেগুলো বোঝার ক্ষেত্রে দিশা রাখার বিষয়টি ছাত্রছাত্রীদের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। একটি আঙুলের সাহায্যে দিশা রাখার মাধ্যমে তারা আগে কখনো করেনি—এমন কিছু গাণিতিক সমস্যারও দ্রুত ও সহজে সমাধানে পৌঁছাতে পারে।
গবেষকেরা মনে করেন, তর্জনী ব্যবহার করে একটি ত্রিভুজের কোণগুলো স্পর্শ করলে মস্তিষ্কে তথ্য গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব পড়ে। এ রকম করে শিখলে মস্তিষ্কে চাপ কম পড়ে এবং মনে রাখাটা সহজ হয়। আর মস্তিষ্কও বিভিন্ন জটিল তথ্য একসঙ্গে সংরক্ষণ করতে পারে।
এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি লার্নিং অ্যান্ড ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাপ্লায়েড কগনিটিভ সাইকোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এটির সহলেখক সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মনোবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক পল গিনস বলেন, তাঁদের গবেষণাটি শিক্ষক ও শিক্ষার্থীদের উন্নয়নে সহায়ক হবে। অল্প বয়সী ছাত্রছাত্রীরা গাণিতিক সমস্যার বিভিন্ন অংশ সমাধানের জন্য হাতের আঙুলে সহজ কিছু দিশা অনুসরণ করলে তাদের শেখায় উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে।
গবেষকেরা দেখতে পান, যেসব ছাত্রছাত্রী জ্যামিতি ও পাটিগণিতে কয়েকটি সমস্যা সমাধানের জন্য তাদের আঙুল ব্যবহার করেছে, তারা অন্য ছাত্রছাত্রীর (যারা এ পদ্ধতি অনুসরণ করেনি) তুলনায় দ্রুত ও নির্ভুলভাবে সফল হয়েছে। গবেষকেরা এখন আরও জটিল গাণিতিক সমস্যার ক্ষেত্রে এ পদ্ধতি কাজে লাগানোর ব্যাপারে কৌতূহলী।
গিনস আরও বলেন, শ্রেণিকক্ষ পর্যায়ে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নতুন গাণিতিক বিষয় আরও সহজে শেখানোর জন্য এই আঙুল-দিশা পদ্ধতি ব্যবহার করতে পারেন। এ-বিষয়ক নির্দেশনা ও উদাহরণ ইতিমধ্যে গণিতের কিছু বইয়ে দেওয়া হয়েছে।
গবেষকেরা বলছেন, শ্রেণিকক্ষে গণিত শেখাতে এ পদ্ধতি বিশেষ কার্যকর হবে। আর গণিতের বাইরে অন্যান্য বিষয়েও এটি কাজে লাগতে পারে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।