গণিত শিখে স্বপ্ন দেখার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জিলা স্কুলে গতকাল অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবের প্রশ্নোত্তরপর্বে এক শিক্ষার্থী অতিথিদের প্রশ্ন করে l ছবি: প্রথম আলো
যশোর জিলা স্কুলে গতকাল অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবের প্রশ্নোত্তরপর্বে এক শিক্ষার্থী অতিথিদের প্রশ্ন করে l ছবি: প্রথম আলো

‘গরমকালে নলকূপের পানি ঠান্ডা ও শীতকালে গরম হয় কেন?’, ‘সাবানের রং ভিন্ন ভিন্ন হয়, কিন্তু সব ফেনার রং সাদা হয় কেন?’, ‘যখন শূন্য আবিষ্কার হয়নি, তখন মানুষ কীভাবে গণনা করত?’ খুদে গণিতবিদদের কাছ থেকে এমন সব মজার মজার ও বুদ্ধিদীপ্ত প্রশ্ন উঠে এল ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১৬’-এর দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া ও যশোর আঞ্চলিক পর্বে।
গতকাল রোববার অনুষ্ঠিত দিনাজপুর আঞ্চলিক উৎসবে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আট শতাধিক শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া উৎসবে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর ৭০০ শিক্ষার্থী এবং যশোর উৎসবে নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরের ৭০০ শিক্ষার্থী অংশ নেয়। হাড়কাঁপানো শীতের মধ্যেও তাদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবস্থলগুলো মিলনমেলায় রূপ নেয়।
প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—এই চার বিভাগে ভাগ হয়ে শিক্ষার্থীরা গণিত প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। ‘গণিত শেখো-স্বপ্ন দেখো’ এই স্লোগান নিয়ে এবারের গণিত উৎসবের ১৪তম আসরের পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। পুরো উৎসবে সহযোগিতা করছেন প্রথম আলোর স্থানীয় বন্ধুসভার সদস্যরা।
দিনাজপুর: দিনাজপুর বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে উৎসব হয়। জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীচন্দ্র শেখর ভট্টাচার্য্য। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড সেন্টার, দিনাজপুরের পরিচালক চিকিৎসক বি কে বোস। আর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণিত পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এরপর গণিত উৎসবের গান দিয়ে শুরু হয় পরের পর্ব। এরপরই প্রশ্নোত্তর পর্ব। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান এ পর্বের সঞ্চালনা করেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিকে বোস, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান মামুনুর রশীদ, দিনাজপুর সায়েন্স একাডেমির গণিতবিদ তারিক ইকবাল, একাডেমির সাধারণ সম্পাদক মো. একরামুল হক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক এ কে এম জাহাঙ্গীর আলম, পদার্থবিজ্ঞানের শিক্ষক শাহদাৎ হোসেন ও তেঁতুলিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. আজিজুল হক।
বক্তব্যপর্বে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের দিনাজপুর শাখার ব্যবস্থাপক অপূর্ব রায় ও প্রথম আলোর জেলা প্রতিনিধি আসাদুল্লাহ সরকার বক্তব্য দেন।
ব্রাহ্মণবাড়িয়া: অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে উৎসব হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা তোলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর কবীর।
পরীক্ষা শেষে ‘বন্ধুতা’ পর্বে শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে পরিচিত হয়। গণিত উৎসবের গান দিয়ে শুরু হয় পরের পর্ব। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক সৌমিত্র চক্রবর্তী শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সহযোগী অধ্যাপক আলমগীর কবীর, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুস, রসায়ন বিভাগের প্রভাষক আবদুল খালেক, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ফজলে রাব্বি।
প্রশ্নোত্তর পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার পক্ষে শাহীন মৃধা, প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম ও ডাচ্-বাংলা ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক জহিরুল হক। শেষ পর্বে ভেন্যু প্রতিষ্ঠানের প্রধানের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
যশোর: যশোর জিলা স্কুল প্রাঙ্গণে উৎসব হয়। জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। যশোর শহরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের বাদ্যদলের বাদ্যের তালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর।
লিখিত পরীক্ষা শেষে ‘বন্ধুতা’ পর্বে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পরিচিত হয়। এরপর গণিত উৎসবের গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন অতিথিরা। তাঁদের মধ্যে ছিলেন যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মো. আকতারুজ্জামান, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার এহসানুল কবির ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. হামিদুল হক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সম্রাট কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান।
বক্তৃতা পর্বে ডাচ্-বাংলা ব্যাংক যশোর শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক প্রীতম ঘোষ, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, বন্ধুসভার সভাপতি লাকি কাপুড়িয়া প্রমুখ বক্তব্য দেন।