গণিত সব বিজ্ঞানের মূল চালিকাশক্তি
গণিত সব বিজ্ঞানের মূল চালিকাশক্তি। গণিতভীতি দূর করে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে সারা বিশ্বে বিজয়ের কেতন ওড়াবে বাংলাদেশ। এ প্রত্যয় নিয়ে আজ বৃহস্পতিবার ফরিদপুরে অনুষ্ঠিত হলো ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফরিদপুর আঞ্চলিক গণিত উৎসব।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্ন-উত্তর পর্ব ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশ্ন-উত্তর পর্ব শিক্ষার্থীদের শূন্য বাস্তব সংখ্যা কেন, পাই-এর সসীম মান পাওয়া গেলে কী সুবিধা বা অসুবিধা হবে, সমকোণ ত্রিভুজে কেন অতিভুজ থাকে, গণিতে সংখ্যার শেষ নেই কেন, আমরা কীভাবে গণিতভীতি কাটিয়ে উঠতে পারি—এমন অসংখ্য প্রশ্নে শিক্ষকদের ব্যতিব্যস্ত করে তোলে শিক্ষার্থীরা। আকর্ষণীয় প্রশ্নের জন্য দেওয়া হয় পুরস্কার।
চমৎকার, বুদ্ধিদীপ্ত ও আকর্ষণীয় প্রশ্নগুলোর জবাব দেন সরকারি ইয়াছিন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম আসাদুজ্জামান, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রমা সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ কুমার ভৌমিক ও সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের প্রভাষক পরিমল কুমার কুণ্ডু।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ফরিদপুরে শুক্রবার সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। ওই দিন কোনো পড়াশোনা করতে হবে না। ওই দিন শিক্ষার্থীরা যার যা ইচ্ছে তাই করবে। কেউ ঘুমিয়ে, কেউ গল্প করে, কেউ খেলাধুলা করে, কেউ বা ঘোরাঘুরি করে সময় কাটাবে। এর ফলে শিক্ষার্থীদের শরীর ও মন প্রফুল্ল থাকবে।
ফরিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, গণিতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ফর্মুলায় ঠিকমতো ফেলে দিলে গণিত সহজ হয়ে যাবে।
ডাচ্-বাংলা ব্যাংক ফরিদপুরের শাখা ব্যবস্থাপক এম ডি সহিদুল ইসলাম বলেন, গণিত সব বিজ্ঞানের মূল। এক জন্য গণিতভীতি দূর করতে প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত অলিম্পিয়াডের আয়োজন করেছে ডাচ্-বাংলা ব্যাংক।
অনুষ্ঠানে রবিস কিউ প্রতিযোগিতায় প্রথম হয় রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের রুবায়েত হোসেন, দ্বিতীয় হয় ফরিদপুর জিলা স্কুলের গোলাম মোস্তফা এবং তৃতীয় হয় শরীয়তপুরের পি টি জি ডি সরকারি উচ্চবিদ্যালয়ের মেহুল হক।
অনুষ্ঠানে জাতীয় সংগীত, গণিত জয়ের গান পরিবেশন করে ফরিদপুর বন্ধুসভার সংগীত দল। এ ছাড়া একক গান পরিবেশন করে রাজবাড়ী ও ফরিদপুর বন্ধুসভার সদস্যরা ও আগত শিক্ষার্থীরা।
উৎসবে গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা ও ফরিদপুরের ৯৮টি স্কুল ও কলেজের ৬৬৭ জন শিক্ষার্থী চারটি ক্যাটাগরিতে অংশ নেয়। এর মধ্যে থেকে ৫০ জন প্রতিযোগী চ্যাম্পিয়ন, ফাস্ট রানার আপ ও সেকেন্ড রানার আপ হয়ে আগামী ১০-১১ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় উৎসবে যাওয়ার সুযোগ পেল।
প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মাফিকুল ইসলাম, প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা প্রমুখ।