গণিতভীতি কাটানোর জমজমাট উৎসব নেত্রকোনায়

নেত্রকোনা শহরে গতকাল মঙ্গলবারের সকালটা ছিল ঘন কুয়াশায় ঢাকা। ঠান্ডাও ছিল প্রচণ্ড। তবে কুয়াশা বা শীত কোনোটাই ঘরে আটকে রাখতে পারেনি জেলার ৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীকে।
গণিতের আঞ্চলিক উৎসবে অংশ নিতে সকাল সাড়ে সাতটার মধ্যেই অভিভাবকদের সঙ্গে নিয়ে খুদে গণিতভক্তের দল হাজির হয় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে। শহরের মোক্তারপাড়া এলাকার এই বিদ্যালয়েই গতকাল দিনব্যাপী চলে গণিতে ভয় কাটানোর আসর ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব।
সকাল নয়টার দিকে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার। একই সময় পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও ডাচ্-বাংলা ব্যাংক নেত্রকোনার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এবং আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম মোস্তাফিজুর রহমান বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন নেত্রকোনা বন্ধুসভার সদস্যরা।
উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, ‘এটা একটা খুব ভালো উদ্যোগ। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের শুরু থেকেই সব শিক্ষার্থীই গণিতকে ভয় পায়। এই উৎসবের মাধ্যমে অনেকেরই গণিতের ভয় কেটে যাবে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের হিসাব করে চলতে হয়। গণিতে যার দখল ভালো, সে-ই জীবনে এগিয়ে যাবে।’
পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ‘তোমরা দৃঢ় মনোবল নিয়ে গণিতকে জয় করবে। গণিত শিখে তোমরা ভালো মানুষ হবে। বড় গণিতবিদ হবে।’
নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, ‘গণিত মানুষকে সমস্যার সমাধান করতে শেখায়। আজকের এই উৎসবে অংশ নেওয়া এই শিশুরাই একদিন আন্তর্জাতিক গণিতবিদ হবে।’
উদ্বোধনী পর্বের পর গণিত অলিম্পিয়াডে জেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির ৪৮৭ জন শিক্ষার্থী চারটি শাখায় ১ ঘণ্টা ১৫ মিনিটের একটি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার পর মূল মঞ্চে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে শিক্ষার্থীরা গণিত, বিজ্ঞান ও কম্পিউটারের ওপর বিভিন্ন ধরনের জটিল প্রশ্ন করে ও উত্তর দিয়ে জিতে নেয় বই পুরস্কার। এই পর্বে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন নেত্রকোনা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রমা বিজয় সরকার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক রতন কুমার চন্দ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান এবং গণিত অলিম্পিয়াডের কাউন্সিলর মাহমুদুল হাসান।
নেত্রকোনা অঞ্চলে বিজয়ী হয়েছে ৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শাখায় ১০ জন, নিম্নমাধ্যমিক শাখায় আটজন, মাধ্যমিক শাখায় আটজন এবং উচ্চমাধ্যমিক শাখায় চারজন। বিজয়ীদের পদক, টি-শার্ট ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী ও নেত্রকোনা বন্ধুসভার সহসাধারণ সম্পাদক নীহার সরকার।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে নেত্রকোনা অঞ্চলের এই উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে উৎসবটির ব্যবস্থাপনা করেছেন প্রথম আলো নেত্রকোনা বন্ধুসভা ও নেত্রকোনা সরকারি কলেজ বন্ধুসভার সদস্যরা।