গণিতসহ ছয় বিষয়ের শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সমস্যায় জর্জরিত কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ। শিক্ষকসংকটে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখানে গণিত, জীববিজ্ঞানসহ ছয়টি বিষয়ের কোনো শিক্ষকই নেই। কলেজের দুটি একাডেমিক ভবন ঝুঁকিপূর্ণ। একমাত্র ছাত্রাবাসটিও পরিত্যক্ত। এ অবস্থায় ছাত্রদের অতিরিক্ত টাকা ব্যয় করে মেসে থাকতে হচ্ছে।
কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার আচার্য বলেন, ‘বর্তমানে একজন শিক্ষক দিয়েই ইংরেজি বিষয়ের পাঠদান চলছে। বিভিন্ন বিভাগের শূন্যপদগুলো দ্রুত পূরণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আগে কয়েকবার চিঠি পাঠানো হয়েছিল। সর্বশেষ চলতি মাসের ১ তারিখে ডাকযোগে আবারও চিঠি পাঠানো হয়েছে।’
কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কলেজটি ১৯৮৮ সালে সরকারি করা হয়। কলেজ প্রতিষ্ঠার পর পাঠদানের জন্য ১৯৭৩ সালে চার কক্ষের একটি এবং ১৯৮৪ সালে চার কক্ষের আরেকটি ভবন নির্মাণ করা হয়। এ ছাড়া ১৯৮৫ সালে পাঠাগার ও ২০ জনের জন্য একটি ছাত্রাবাস এবং ১৯৯২ সালে বিজ্ঞান ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হওয়ায় গত ১ জুলাই ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ ছাড়া দুটি পৃথক ভবনের আটটি শ্রেণিকক্ষের মধ্যে ছয়টিই ঝুঁকিপূর্ণ। তিন বছর আগে কলেজের শহীদ মিনারও ভেঙে গেছে।
কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘যেকোনো সময় ভবনগুলো ধসে পড়তে পারে—এ আশঙ্কা নিয়েই ক্লাস করছি। বৃষ্টি শুরু হলেই আমাদের বই-খাতা ও জামা ভিজে যায়।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বলেন, শহীদ মিনার, শ্রেণিকক্ষ ও ছাত্রাবাসের সমস্যার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে।
কলেজ সূত্রে আরও জানা গেছে, এখানে শিক্ষকের ২৮টি পদের মধ্যে ১০টি শূন্য। কলেজে গণিত, জীববিজ্ঞান ছাড়াও সমাজকল্যাণ, তথ্যপ্রযুক্তি, মার্কেটিং এবং ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়ের কোনো শিক্ষকই নেই। এ ছাড়া বাংলা, ব্যবস্থাপনা, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের তিনটি শিক্ষক পদের মধ্যে একটি এবং ইংরেজি ও হিসাববিজ্ঞান বিষয়ের দুটি শিক্ষক পদের মধ্যে একটি পদ দীর্ঘ সময় ধরে শূন্য রয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ বিষয়ের শিক্ষকের পদ গত দুই বছর এবং ইংরেজি বিষয়ের শিক্ষকের একটি করে পদ এক বছর ধরে শূন্য রয়েছে। কলেজটিতে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১৭৩ জন।
ইংরেজি বিষয়ের একমাত্র প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন, ‘ইংরেজি বিভাগে শিক্ষকের পদ দুটি। এর মধ্যে দুটি পদই প্রভাষকের। প্রায় এক বছর আগে ইংরেজি বিভাগের প্রভাষক হালিমা আক্তার পদোন্নতি পেয়ে অন্য প্রতিষ্ঠানে চলে যান। এরপর থেকে আমাকে একাই কলেজের সব শিক্ষার্থীকে ইংরেজি বিষয়ে পাঠদান করতে হচ্ছে।’
কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজে ইংরেজি ও হিসাববিজ্ঞান বিষয়ে একজন করে শিক্ষক থাকায় নিয়মিত ক্লাস হয় না।
কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুজ জাহের বলেন, ইংরেজি বিষয়ের পাঠদান একজন শিক্ষক দিয়েই চালানো হচ্ছে। অন্য বিষয়গুলো বিভিন্ন বিভাগের শিক্ষকের মাধ্যমে জোড়াতালি দিয়ে চালানো গেলেও গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পাঠদান জোড়াতালি দিয়েও চালানো যাচ্ছে না।