মেহেরপুর সরকারি মহিলা কলেজে গণিত, পদার্থবিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ ছয়টি বিষয়ের কোনো শিক্ষক নেই। দেড় বছর ধরে অতিথি শিক্ষক দিয়ে কোনোমতে পাঠদান করানো হচ্ছে।
কলেজ সূত্র জানায়, ১৯৮৫ সাল থেকে কলেজটিতে এইচএসসি ও স্নাতক পর্যায়ে দেড় হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানে দুটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে। শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদানের জন্য কলেজে মোট ৫৮ জন শিক্ষক প্রয়োজন। অথচ শিক্ষকের পদ রয়েছে ২৬টি। এর মধ্যে ১০টিই শূন্য। গণিত, পদার্থবিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ ছয়টি বিষয়ের কোনো শিক্ষক নেই। এতে শ্রেণির কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে গত ১২ জুলাই শিক্ষার মান বৃদ্ধিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে শিক্ষক পদায়নের আবেদন করেছে। কিন্তু এ পর্যন্ত কোনো শিক্ষককে পদায়ন করা হয়নি।
অধ্যক্ষ এ কে এম সোলাইমান বলেন, ‘২২ জন প্রভাষক পদের বিপরীতে আছে মাত্র ১৩ জন। ৯টি পদই শূন্য। আশা করেছিলাম ৩৪তম বিসিএসের মাধ্যমে শূন্যপদের বিপরীতে শিক্ষক পাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয় সেই আশা পূরণ হয়নি। এ জন্য জুলাই মাসে শূন্যপদ পূরণের জন্য মন্ত্রণালয় ও মহাপরিচালকের কার্যালয়ে (ডিজি) লিখিত আবেদন করা হয়েছে।’ তিনি বলেন, ‘কৌশল অবলম্বন করে অতিথি শিক্ষক দিয়ে মাঝে মাঝে পাঠদান করানো হচ্ছে।’
গত রোববার কলেজে গিয়ে শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে কথা হয়। তাঁদের দেওয়া তথ্যে জানা গেল, কলেজে ছাত্রীদের থাকার আবাসিক হল রয়েছে। আছে সার্বিক নিরাপত্তায় সিসি ক্যামেরা, ছাত্রীদের জন্য বিনা মূল্যে ওয়াইফাই জোন ও ক্যানটিন।
সরেজমিনে দেখা যায়, একাডেমিক ভবনের তৃতীয় তলায় একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের গণিত বিষয়ের ক্লাস নিতে গেলেন অতিথি শিক্ষক শফি উদ্দীন। এ সময় তিনি বললেন, তিনি একটি বেসরকারি কলেজের শিক্ষক। যখন সময় পান, সরকারি কলেজে এসে ক্লাস নিয়ে যান।
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী অমৃতা সরকার বলে, অতিথি শিক্ষকদের সব সময় পাওয়া যায় না। কলেজে নির্দিষ্ট শিক্ষক থাকলে সমস্যা হলে যেকোনো সময় সমাধান পাওয়া যেত। বিজ্ঞান বিভাগের ছাত্রী আফসানা শারমীন বলে, ‘পদার্থ ও গণিতের মতো কঠিন বিষয়ে শিক্ষক না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় অতিথি শিক্ষকেরাও ঠিকমতো বোঝাতে পারেন না।’
দ্বাদশ শ্রেণির চারজন শিক্ষার্থী জানায়, সপ্তাহে মাত্র দু-এক দিন ক্লাস হচ্ছে। অনেক সময় সপ্তাহে এমনকি দুই সপ্তাহেও ক্লাস হয় না। ক্লাসে সব বিষয় পড়ানো হয় না। সিলেবাস শেষ করার আগেই পরীক্ষা শুরু হয়। ভালো প্রস্তুতি ছাড়াই তাদের পরীক্ষায় বসতে হয়। এতে তারা বাড়তি চাপ অনুভব করে। পরীক্ষায় খারাপ ফল করে।
কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলা ও অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও এইচএসসি মিলিয়ে ২৬ জন শিক্ষকের পদের মধ্যে বর্তমানে ১৬ জন কর্মরত।
বাংলা বিভাগে চারজনের মধ্যে আছেন চারজনই। অর্থনীতি বিভাগের চারজনের মধ্যে আছেন দুজন। এখানে প্রভাষকের পদগুলো শূন্য। দুজনে ক্লাস করতে গিয়ে ভোগান্তির শেষ নেই।
সবচেয়ে বেশি সমস্যা উচ্চমাধ্যমিকে। সেখানে দর্শন, গণিত, পদার্থবিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের কোনো শিক্ষকই নেই। ২০১৪ সালের নভেম্বর থেকে দর্শন, ২০১৫ সালের নভেম্বর থেকে গণিত ও পদার্থ, জুন থেকে দর্শন এবং ২০১৬ সালের জুলাই থেকে ইসলামের ইতিহাসের কোনো শিক্ষকই নেই। অবসর ও বদলির কারণে এসব পদ খালি হয়েছে। এসব বিষয়ে পাঠদান হয় না। তবে মাঝেমধ্যে অতিথি শিক্ষক এসে পাঠদান করে যান। এ ছাড়া ব্যবস্থাপনা ও ইংরেজি বিষয়ে দুজনের জায়গায় একজন করে শিক্ষক আছেন।